বিভেদরেখা পেরিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শৈশব-কৈশোরের কিছু কিছু ঘটনা স্মৃতিতে একটা জায়গা করে নিলে আর মলিন হয় না, জেগে থাকে; বিশেষ করে যেগুলোর সঙ্গে আনন্দের একটা সংযোগ থাকে। যেমন হঠাৎ করে শহরে আসা কোনো সার্কাসের স্মৃতি, অথবা বাড়ির পাশের মাঠে বসা বৈশাখী মেলার এবং সারা বছরের নানা উৎসবের। আমার শৈশবের শহরে শরৎ এলেই দুর্গাপূজার আয়োজন শুরু হতো। শহরজুড়ে তৈরি হতো মণ্ডপ। খুব যে জাঁকজমক করে, অনেক পয়সা খরচ করে সেগুলো সাজানো হতো, তা নয়—মানুষের হাতে টাকাপয়সা খুব বেশি ছিল না সে সময় কিন্তু উৎসবের আমেজটা তারা ঠিকই ধরে রাখত। আমার শহর বিখ্যাত ছিল বৃষ্টির জন্য। কিন্তু ভাদ্র চলে গেলে আকাশটা ‘টিনোপল’ মেশানো পানিতে ধোয়া ঝকঝকে নীলের মহিমা নিত। বাতাসে একটা চনমনে ভাব, প্রকৃতিতে বেরিয়ে পড়ার হাতছানি। এই সময়টাতে ঢাকে বাড়ি পড়ত। অনেক আয়োজনে শুরু হতো দুর্গাপূজার উৎসব।
আমাদের পাড়ায় যে মণ্ডপটা হতো, সেটি হতো শহরের সবচেয়ে বড় মণ্ডপগুলোর একটি। অনেক দিন ধরে প্রতিমা তৈরির কাজ চলত। মাঝে মাঝে একটু দূরে দাঁড়িয়ে সেই কাজ দেখতাম এবং প্রতিমার চোখ কেন আঁকা হয়নি, তা নিয়ে অবাক হতাম। পরে জেনেছিলাম, ষষ্ঠীর আগের দিন এই চোখ ফোটানোর কাজটি হতো, যাকে বলা হয় বোধন। বোধন দিয়েই উদ্বোধন হতো পূজার উৎসবের। হঠাৎ করেই যেন প্রতিমার ভেতর প্রাণ আসত। আনন্দের ঢেউটা ছড়িয়ে পড়ত ভক্তদের মধ্যে।
তবে দুর্গাপূজার আগাম ঘোষণা আসত মহালয়ার দিনে। আমাদের এক প্রতিবেশী খুব সকাল থেকে কলকাতার আকাশবাণী কেন্দ্রের মহালয়ার অনুষ্ঠানটি প্রতিবছর নিয়ম করে শুনতেন। রেডিওর ভলিউম বাড়িয়ে তিনি অন্যদের শোনার সুযোগ করে দিতেন।
আমাদের পাড়ার মণ্ডপটি একটু ব্যতিক্রমী ছিল। কারণ, পূজা আয়োজকেরা আমন্ত্রণপত্র ছাপতেন। সব প্রতিবেশীকে, কাছে-দূরের মানুষের হাতে সেই আমন্ত্রণপত্র পৌঁছে দেওয়া হতো। আমরাও পেতাম। একবার আমন্ত্রণপত্রে নবীনচন্দ্র সেনের একটি কবিতা তুলে দেওয়া হয়েছিল:
আজি বঙ্গালয়
আনন্দ-আধার, এসেছেন উমা
বৎসর অন্তরে।
নবীনচন্দ্র সেনের সঙ্গে সেই আমার প্রথম পরিচয়, তাঁর কবিতার সঙ্গেও। আজও তাঁর কবিতার ওই তিনটি চরণ আমার স্মৃতিতে আছে, যেমন আছে আনন্দ উৎসবের টুকরো টুকরো অনেক ছবি। দল বেঁধে মানুষজন মণ্ডপে আসছে-যাচ্ছে, প্রসাদ নিচ্ছে, খাচ্ছে, অন্যদের দিচ্ছে; সবার গায়ে পূজার নতুন সাজ, সবার মুখে হাসি। আমরা বন্ধুরা মিলেও যাচ্ছি, ফল-মিষ্টান্ন আমাদেরও জুটছে; আমরাও পূজায় পাওয়া নতুন জামাকাপড় গায়ে ফুরফুরে মেজাজে আমাদের বন্ধুদের আনন্দটা ভাগ করছি। তারপর উৎসব গেছে বিজয়া দশমীর দিকে। আমাদের সেই বন্ধুদের সকাল থেকে মন খারাপ, সন্ধ্যায় বিসর্জনের ব্যথায় কাতর। কিন্তু সেই কাতরতা কাটিয়ে দুই দিন পর স্কুল শুরু হলে তারা আবার জীবনের প্রাত্যহিকতায় ঢুকে পড়ত। একসময় রমজান শুরু হতো। ঈদ ঘনিয়ে আসত, আমাদের সেই বন্ধুরা বসে থাকত ঈদের দিনের আমন্ত্রণের জন্য। সেমাই-ফিরনি-পিঠা-পুলি আর ঈদের যত খাবার একটা আকর্ষণ হয়ে দাঁড়াত তাদের জন্য।
আগে কী সুন্দর দিন কাটাইতাম!

২.
এখন সারা দেশে মণ্ডপের সংখ্যা বেড়েছে, প্রতিবছরই দেখছি বাড়ছে। জাঁকজমকও বাড়ছে। এবার ৭১ ফুট উঁচু দুর্গা প্রতিমা হচ্ছে নোয়াখালীর চৌমুহনীতে। আমাদের টিভি-খবরের কাগজ নিয়মিত এ খবরগুলো দিচ্ছে। পাশাপাশি দিচ্ছে নিরাপত্তা নিয়ে আশঙ্কার খবর। প্রতিবছর প্রতিমা ভাঙচুর হয়, এবারও হয়েছে। এ বিষয়টি আমাকে অবাক করে। ধর্মীয় একটা উৎসবে মানুষ একত্র হয়, উৎসবের সুরে সুর মেলায়, উৎসবের মেজাজটা ধরে রাখে নিজের ভেতর। উৎসবে শিশুরা যায়—শিশুরাই সব উৎসবের ভেতরের উৎসব, তাদের আনন্দটাই উৎসবকে রাঙায়। সেখানে নিরাপত্তার প্রশ্নটা কেন আসে? অথচ এখন যেকোনো উৎসবে শামিল হতে হয় একটা শঙ্কার ছায়া মাথায় নিয়ে।
এ কেমন কথা? এ কোন দেশ?
এবার মহররমের বিষাদময় দিনটিতেও ঢাকায় তাজিয়া মিছিল বেরোবে, সেখানেও নিরাপত্তার ঝুঁকি। ঈদের প্রধান জামাত হয় যেসব স্থানে, ঢাকা-চট্টগ্রাম অথবা অন্যত্র, সেগুলো আগের দিন পরিদর্শনে গিয়ে পুলিশপ্রধান নয়তো র্যাবপ্রধান অথবা পুলিশের জেলাপ্রধানকে বলতে হয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে; মানুষজনকে আশ্বস্ত করতে হয়, নিশ্চিন্ত মনে উৎসব উদ্যাপনের বিষয়ে।
আমার ছেলেবেলায় নিরাপত্তার বিষয়টি কোনো ধর্মীয় উৎসবের সঙ্গে কখনো কেউ সম্পৃক্ত করত না। পুলিশের সবচেয়ে সতর্ক, সদা প্রস্তুত কোনো কর্তাও না। উৎসব ছিল খোলামেলা। সবার অংশগ্রহণ ছিল সেসব উৎসবে। দুর্গাপূজা ছিল প্রকৃতই সর্বজনীন। হিন্দু সম্প্রদায়ের দরিদ্র, অবহেলিত মানুষগুলোকেও দেখতাম মুখে হাসি নিয়ে মণ্ডপে ঢুকছে, বের হচ্ছে। তাদের জন্যও তোলা থাকত সামান্য হলেও একটি পোশাক। শিশুদের জন্যও।
পাকিস্তান রাষ্ট্রে অনেক চেষ্টা হয়েছে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের। দাঙ্গা হয়েছে। ১৯৬৪-র দাঙ্গা, ভারত-পাকিস্তানের ১৯৬৫ সালের যুদ্ধ অনেক হিন্দু পরিবারকে দেশত্যাগী করেছে। ১৯৭১ এসেছে, বাঙালি জেগে উঠেছে। আমরা ভেবেছিলাম স্বাধীন বাংলাদেশ হবে সম্প্রীতির দেশ—নানা ধর্মের, শহর-গ্রামের, বিত্তবান-বিত্তহীন, শিক্ষিত-শিক্ষাবঞ্চিত মানুষদের মধ্যে বিভেদরেখাটা আমরা মুছে ফেলব।
মুছতে অপারগ হয়েছি আমরা। বিভেদরেখা গাঢ় হয়েছে বরং।

৩.
তারপরও আমি আশাবাদী। আমার বিশ্বাস, বাঙালি কয়েক দশক ধরে এক বিস্মৃতির আর বিভ্রমের ঘোর অথবা নিদ্রায় পড়েছে। এই অবস্থা চিরস্থায়ী নয়। বাঙালি জাগবে তার শুভবোধ আর সৌন্দর্যবোধ নিয়ে। সৌভ্রাতৃত্ব এবং পরার্থপরতার মহিমা নিয়ে।
প্রতিটি উৎসবের দিন তো আমরা এই শুভ ও সৌন্দর্য, সৌভ্রাতৃত্ব এবং নিঃস্বার্থতার উদ্যাপন করি। বাইরে যতই নিরাপত্তার শঙ্কা থাকুক, অসহিষ্ণুতার কুয়াশা থাকুক, সেটি কেন আরও ব্যাপক, আরও বিস্তৃত হবে না? শারদীয়া শুভেচ্ছা। শরতের আকাশটার মতো পরিষ্কার হোক, স্বচ্ছ হোক আমাদের মনের চোখ, আমাদের হৃদয়ের আকাশ।
সৈয়দ মনজুরুল ইসলাম: শিক্ষাবিদ ও কথাসাহিত্যিক