বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেছেন, মানুষকে বিভ্রান্ত করতে আওয়ামী লীগ কয় দিন পরপর সংলাপের কথা বলছে। তিনি এটিকে আওয়ামী লীগের ‘ছলচাতুরী’ আখ্যায়িত করে বলেন, দলের নেতাদের কারাগারে রেখে বিএনপি আলোচনায় যাবে, তা হতে পারে না।গতকাল বুধবার বিএনপির শীর্ষ নেতাদের মুক্তি ও নিখোঁজ নেতা ইলিয়াস আলীর সন্ধানের দাবিতে রাজধানীর নয়াপল্টনের ভাসানী মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় খন্দকার মোশাররফ এ কথা বলেন। স্বাধীনতা ফোরাম নামের একটি সংগঠন এর আয়োজন করে।আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে উদ্দেশ করে মোশাররফ বলেন, ‘আমাদের সবক দেবেন না। আমরা সংঘাত করি না। আপনাদের সংঘাতের পথ, বাঁকা পথ পরিহার করতে হবে। তাহলে আলোচনার পরিবেশ সৃষ্টি হবে। তখন সংলাপের বিষয়ে চিন্তা করা হবে।’এর আগে সকালে সৈয়দ আশরাফ বিএনপির উদ্দেশে বলেছিলেন, ‘সংঘাতের পথ পরিহার করে নির্বাচনের আগে আলোচনার সুষ্ঠু পরিবেশ তৈরিতে সহায়তা করুন। আলোচনাই সমস্যা সমাধানের একমাত্র পথ।’ এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে খন্দকার মোশাররফ বলেন, ‘আলোচনা চাইলে সরকারকেই উদ্যোগ নিতে হবে। নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের এজেন্ডা নিয়ে প্রধানমন্ত্রী যদি সংলাপের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান, তাহলে আমরা বিবেচনা করব।’অন্যদের মধ্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ বক্তব্য দেন।