রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেছেন, সমাজে শান্তি ভঙ্গের অপচেষ্টাকারী বিভ্রান্ত গোষ্ঠী ও ব্যক্তির ব্যাপারে বাংলাদেশ সরকার ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করেছে। খবর বাসসের।
গতকাল বুধবার ঢাকায় সপ্তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গোয়েন্দা প্রধান সম্মেলনে (এপিআইসিসি) যোগদানকারী প্রতিনিধিদের উদ্দেশে ভাষণে রাষ্ট্রপতি বলেন, ‘আমাদের জনগণ প্রকৃতিগতভাবেই একে অপরের সঙ্গে সম্প্রীতির সাথে বসবাস করতে জানে। আমাদের সরকার ও জনগণ এ ধরনের যেকোনো ব্যক্তি ও গোষ্ঠীর মূলোৎপাটন করতে দৃঢ় সংকল্প দেখিয়েছে।’
রাষ্ট্রপতি বলেন, অপশক্তিকে পরাজিত করতে বাংলাদেশ আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে অংশীদার হতে ইচ্ছুক। তিনি বলেন, এই অঞ্চলের শান্তি ও নিরাপত্তার সার্বিক প্রচেষ্টা জোরদার নিশ্চিত করতে সপ্তম এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় গোয়েন্দা প্রধান সম্মেলন একটি অন্যতম উদ্যোগ।
অনুষ্ঠানে প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থার পরিচালক ডগলাস এইচ ওয়াইজ এবং ডিজিএফআইয়ের মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আকবর হোসেনও বক্তৃতা করেন।