কোনো অপরাধের ভিকটিম অপ্রাপ্তবয়স্ক আর আসামি প্রাপ্তবয়স্ক হলে সেই মামলা কোন আইনে করা হবে? শিশু আইনে, নাকি নারী ও শিশু নির্যাতন দমন আইনে? দুই আইনের দুই রকম আদালত। সাজার মেয়াদও ভিন্ন। এ নিয়ে অস্পষ্টতা বিচারকাজে বিভ্রান্তি সৃষ্টি করছে। এই অস্পষ্টতা দূর করতে শিশু আইনের কিছু সংশোধনী দরকার বলে মনে করে সরকার।
আইন মন্ত্রণালয়ের দুই সচিব ও সমাজকল্যাণসচিবের হাইকোর্টে দাখিল করা পৃথক প্রতিবেদনে এ মতামত ব্যক্ত করা হয়েছে। আদালতের পক্ষ থেকে ব্যাখ্যা চাওয়া হলে সম্প্রতি এই প্রতিবেদন দাখিল করা হয়।
গত ২৫ ডিসেম্বর জাতীয় বিচার বিভাগীয় সম্মেলনের এক কর্ম অধিবেশনে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন বাস্তবায়নে সমস্যা ও সমাধান বিষয়ে আলোচনা হয়। আলোচকেরা অনেকে বলেছেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের কিছু মামলার নিষ্পত্তিতে জটিলতা ও প্রতিবন্ধকতা দেখা দিয়েছে শিশু আইনের কিছু বিধানের কারণে। অধিবেশনে উপস্থিত একাধিক সূত্র এসব কথা জানায়।
অনুসন্ধানে জানা যায়, ঢাকা, কক্সবাজার ও রংপুরে শিশু ধর্ষণ ও হত্যার অভিযোগে করা পৃথক মামলায় প্রাপ্তবয়স্ক একাধিক আসামি হাইকোর্টে জামিনের আবেদন করেন। এর শুনানিকালে আদালত দেখতে পান, শিশু আইনের দুই মামলায় ভিকটিম অপ্রাপ্তবয়স্ক কিন্তু আসামি প্রাপ্তবয়স্ক। আবার নারী ও শিশু নির্যাতন দমন আইনের অপর দুই মামলাতেও ভিকটিম অপ্রাপ্তবয়স্ক, আসামি প্রাপ্তবয়স্ক। জামিন আবেদনের শুনানি যখন চলে, তখন তর্কটি ওঠে—এসব মামলার বিচার শিশু আইনে না নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা যথাযথ? হাইকোর্ট তখন সংশ্লিষ্ট বিচারকদের কাছে ব্যাখ্যা জানতে চান। বিচারকেরা তাঁদের ব্যাখ্যায় শিশু আইনের ১৭(১) ধারাসহ কয়েকটি ধারাকে এই অস্পষ্টতার পেছনে দায়ী হিসেবে চিহ্নিত করেন।
এরপর গত ১৪ আগস্ট হাইকোর্ট তিন সচিবের কাছে ব্যাখ্যা জানতে চান। এর ধারাবাহিকতায় আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব, লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের সচিব এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব তাঁদের ব্যাখ্যা হাইকোর্টে দাখিল করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম জহিরুল হক গত বুধবার প্রথম আলোকে বলেন, এসব প্রতিবেদন ১১ ডিসেম্বর হাইকোর্টে দাখিল করা হয়েছে। এর সঙ্গে শিশু আইনের ওপর সংশোধনীর একটি খসড়া প্রস্তাবও দাখিল করা হয়। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি জে বি এম হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে এ বিষয়ে পরবর্তী আদেশের জন্য ৩১ জানুয়ারি দিন রয়েছে।
তিন সচিবের ব্যাখ্যা
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিবের দাখিল করা ব্যাখ্যায় বলা হয়, ২০০৩ সালের শিশু আইন হওয়ার পর আইনের ১৭(১) ধারার বিধান অনুযায়ী আইনের সংস্পর্শে আসা শিশু (ভিকটিম বা সাক্ষী) যেকোনো মামলায় জড়িত থাকলে তা শিশু আদালতে বিচার্য। আগে ভিকটিম শিশু হলে তা যেকোনো আইনে বিচার করা যেত। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন কার্যকর হওয়ার পর ভিকটিম শিশু হলেই তা ওই আইনে নিষ্পত্তি হতো। তবে ২০১৩ সালের শিশু আইনে ভিকটিম শিশু হলে এবং আসামি প্রাপ্তবয়স্ক হলে ওই মামলা যদি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিষ্পন্ন না হয়, সে ক্ষেত্রে তা শিশু আদালতে নিষ্পত্তির বাধ্যবাধকতা রয়েছে। কিন্তু কার্যক্ষেত্রে শিশু ভিকটিম থাকলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল মামলাটি নিষ্পত্তি না করে শিশু আদালতে প্রেরণ করছেন। ফলে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল গঠনের উদ্দেশ্য ব্যাহত হচ্ছে।
আইন মন্ত্রণালয়ের দুই আইনসচিবের দাখিল করা ব্যাখ্যায়ও একই ধরনের মত এসেছে।
সচিবেরা ব্যাখ্যায় বলেছেন, অপরাধের শিকার বা সাক্ষী শিশু থাকলে প্রাপ্তবয়স্ক আসামির বিচার আগের মতো নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালেই হতে হবে। শুধু শিশু যদি অভিযুক্ত হয়, তাহলেই মামলাটি শিশু আদালতের বিচার করা উচিত। এটা করতে হলে শিশু আইনের সংশ্লিষ্ট ধারা বদলাতে হবে।