বিভ্রান্তি ছড়াতে সংলাপের কথা বলা হচ্ছে: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনালের অস্কার ফার্নান্দেজ তারানকোর ঢাকা সফরকালে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের চলমান আন্দোলন কর্মসূচিতে কিছুটা পরিবর্তন হতে পারে বলে জানা গেছে।
দেশের রাজনৈতিক সংকট নিরসনে সমঝোতায় আসার জন্য প্রধান দুই দলকে সংলাপে বসার উৎসাহ জোগাতে তারানকো আগামী শুক্রবার পাঁচ দিনের সফরে ঢাকায় আসছেন। এ সময় হরতাল বা অবরোধের মতো কর্মসূচি দেওয়া না হতে পারে বলে বিএনপির দায়িত্বশীল নেতাদের কয়েকজন জানিয়েছেন।
এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে অভিযোগ করেছেন, মানুষকে বিভ্রান্ত করতে সরকারের মন্ত্রীদের কেউ কেউ পর্দার আড়ালে সংলাপের কথা বলছেন। তিনি বলেন, সমঝোতার বিষয়ে সরকারের কোনো আন্তরিকতা নেই।
বিএনপির কেন্দ্রীয় একাধিক নেতা প্রথম আলোকে জানিয়েছেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে টানা কর্মসূচি চালিয়ে যাওয়ার বিষয়ে বিএনপিসহ ১৮-দলীয় জোটের সিদ্ধান্ত রয়েছে। কিন্তু একটি সমঝোতার জন্য জাতিসংঘের সহকারী সেক্রেটারি জেনারেল ঢাকায় আসছেন। তাঁর অবস্থানকালে সহিংসতা হয়, এমন কোনো কর্মসূচি দেওয়া হবে না। এ কারণে আগামী সপ্তাহে বিরোধী দলের কর্মসূচিতে কিছুটা ছন্দপতন হতে পারে।
তবে বিএনপির কোনো কোনো নেতা এ-ও বলেছেন, তারানকোর সফরের পুরোটা সময়ই ১৮ দল হরতাল বা অবরোধ থেকে দূরে থাকবে বলে তাঁরা মনে করেন না। তারানকো আসবেন শুক্রবার। ওই দিন ও পরদিন শনিবার সাধারণত হরতাল-অবরোধ দেওয়া হয় না। যদিও গত সপ্তাহে শনিবার অবরোধের কর্মসূচি ছিল।
মির্জা ফখরুলের বিবৃতি: গ্রেপ্তার এড়াতে গত শুক্রবার সন্ধ্যা থেকে আত্মগোপনে থাকা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল গতকাল সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বলেন, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের জন্য গ্রাম-গ্রামান্তরে আন্দোলন ছড়িয়ে পড়েছে। তথাকথিত প্রহসনের নির্বাচনে বেশির ভাগ রাজনৈতিক দল অংশ নেয়নি। এতে প্রমাণিত হলো, দেশের বেশির ভাগ মানুষ এই নির্বাচন মেনে নেবে না।
মির্জা ফখরুল বলেন, ‘সরকারের মন্ত্রীদের কেউ কেউ বলছেন, পর্দার অন্তরালে সংলাপ চলছে। আমি স্পষ্টভাবে বলতে চাই, এই অনৈতিক বেআইনি সরকার কোনো সমঝোতা চায় না। সমঝোতার বিষয়ে তাদের কোনো আন্তরিকতা নেই। জনগণকে বিভ্রান্ত করার জন্যই তারা এই তথাকথিত সংলাপের কথা বলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন।’