বিভ্রান্তি নিরসনে দেশের অর্থনীতির সার্বিক অবস্থা জানাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভ্রান্তি নিরসনে দেশের আর্থিক প্রতিষ্ঠানসহ সার্বিক অর্থনীতির অবস্থা মন্ত্রিসভাকে অবহিত করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল সোমবার সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী এ নির্দেশ দেন বলে দায়িত্বশীল সূত্রে জানা গেছে।সূত্র জানায়, বাণিজ্যিক ব্যাংকগুলোর সুদের হার বৃদ্ধি, রেমিট্যান্স-প্রবাহ কমে যাওয়া, তারল্য নিয়ে নানা ধরনের বিভ্রান্তি রয়েছে বলে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বিষয়টি বৈঠকে উল্লেখ করেন। পরে এ আলোচনায় অন্য মন্ত্রীরাও অংশ নেন। সৈয়দ আশরাফ বলেন, সামষ্টিক অর্থনীতির এসব বিষয় তথ্যভিত্তিক ও গবেষণামূলক হওয়া দরকার। অনেক সময় অতিরঞ্জিত হয়ে এসব বিষয় প্রকাশিত হয়।সূত্র জানায়, বৈঠকে বলা হয় আমানতের ওপর সুদের হার বাড়ানোকে উপলক্ষ করে ব্যাংকঋণের ওপর সুদ বাড়িয়ে দেওয়া হয়েছে। অনেকেই জানতে চান, বাণিজ্যিক ব্যাংকগুলো প্রতিবছর প্রচুর মুনাফা করার পরও ব্যাংকের সুদের হার এক শতাংশ বাড়ানো হলো কেন? ঋণের সুদ ছাড়াও বাণিজ্যিক ব্যাংকগুলো উচ্চহারে সার্ভিস চার্জ নিয়ে থাকে। এসব ব্যাংকের কোনো জবাবদিহি নেই বলেও মন্তব্য করেন কয়েকজন মন্ত্রী। পরে প্রধানমন্ত্রী অর্থসচিবকে এ বিষয়ে বিস্তারিত তথ্য মন্ত্রিসভাকে জানাতে নির্দেশ দেন বলে জানা গেছে। প্রধানমন্ত্রী জাতীয় নারী উন্নয়ন নীতি সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণার মাধ্যমে জনমত সৃষ্টি করতে সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষকে তাগিদ দিয়েছেন।সূত্র জানায়, ২০০১ সালে বিদেশে বাংলাদেশি জনশক্তি ছিল নয় লাখ ৬২ হাজার। বর্তমানে নয় লাখ ৩২ হাজার মানুষ কর্মরত আছেন বলে বৈঠকে জানানো হয়। সৌদি আরব ও মালয়েশিয়া সরকার বাংলাদেশি শ্রমিকদের জন্য একটি সুবিধা দিয়েছে। যেসব শ্রমিক অবৈধভাবে এসব দেশে আছেন, তাঁরা বাংলাদেশে ফিরলে তাঁদের আবার বৈধ করে নেওয়া হবে। লিবিয়ায় নতুন সরকার এলে সে দেশে শ্রমবাজার পাওয়া যাবে। বৈঠকে অর্থ উপদেষ্টা মসিউর রহমান জানান, ব্যাংকে কোনো তারল্যসংকট নেই।বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে বলেন, মন্ত্রিসভা বৈঠকে ‘ফ্রেমওয়ার্ক এগ্রিমেন্ট অন দ্য প্রমোশন অ্যান্ড লিবারালাইজেশন অব ট্রেড ইন সার্ভিস অ্যামাং আপটা পার্টিসিপেটিং স্টেটস স্বাক্ষরের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।