বিভ্রান্তি নিরসনে র‌্যাব-পুলিশের সঙ্গে আইজিপির বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর বংশাল থানার পুলিশ কর্মকর্তা গৌতম হত্যা মামলার তদন্ত নিয়ে বিভ্রান্তি দূর করতে আজ রোববার র‌্যাব ও মহানগর পুলিশের সঙ্গে বৈঠকে বসছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) নূর মোহাম্মদ। সকালে পুলিশ সদর দপ্তরে এ বৈঠক হওয়ার কথা।নূর মোহাম্মদ প্রথম আলোকে বলেন, মামলার তদন্ত নিয়ে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও গোয়েন্দা পুলিশের মধ্যে বিভ্রান্তি দেখা দিয়েছে। এ কারণে দুই পক্ষকে ডাকা হচ্ছে।পুলিশ সূত্র জানায়, গত ১৯ এপ্রিল রাতে ধোলাইখালে খুন হন বংশাল থানার অপারেশন কর্মকর্তা গৌতম রায়। এ ঘটনায় পুলিশ ও ডিবি আহাম্মদ আলী ওরফে হায়দার এবং জাকির ওরফে বাইট্টা জাকির নামের দুজনকে গ্রেপ্তার করে। একই সময় র‌্যাবও হায়দার আলী ও জাকির হোসেন নামের অন্য দুজনকে গ্রেপ্তার করে। একই মামলায় দুজন হায়দার ও জাকির গ্রেপ্তার হলে নানা বিভ্রান্তি দেখা দেয়। ঢাকা মহানগর পুলিশের কমিশনার এ কে এম শহীদুল হক গত শুক্রবার সংবাদ সম্মেলন করে বলেন, পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া কাইল্যা জাকির, জামাল মল্লিক ও আহমেদ হায়দার ওরফে হাদি পুলিশ কর্মকর্তা গৌতম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। এই খুনের ঘটনায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির হোসেন ও আলী হায়দারের কোনো সংশ্লিষ্টতা এর আগে পাওয়া যায়নি।র‌্যাবের হাতে গ্রেপ্তার হওয়া জাকির-হায়দার নাকি পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া জাকির-হায়দার জড়িত, তা নিয়ে প্রশ্ন দেখা দেয়। এই বিভ্রান্তি দূর করতে পুলিশ সদর দপ্তর থেকে সিআইডি পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক সৈয়দ শাহ জামান রাজকে প্রধান করে পাঁচ সদস্যের একটি কমিটি করা হয়। ওই কমিটি এখনো প্রতিবেদন দেয়নি।সূত্র জানায়, তদন্ত নিয়ে কমিটির সদস্যরা বিব্রতকর অবস্থায় পড়েছেন। শেষ পর্যন্ত তাঁদের সবাইকে নিয়ে বৈঠক করার সিদ্ধান্ত নিয়েছেন আইজিপি।