বিভ্রান্তি সৃষ্টি করে আদিবাসীদের বিচ্ছিন্ন রাখার ষড়যন্ত্র করা হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্বাধীন বাংলা বেতারের প্রধান কামাল লোহানী বলেন, আদিবাসী পরিচয়ের সাংবিধানিক স্বীকৃতিকে যারা আন্তর্জাতিক চক্রান্ত হিসেবে বিভ্রান্তি সৃষ্টি করছে, তারাই মূলত রাষ্ট্রীয় মূল স্রোতধারা থেকে আদিবাসীদের বিচ্ছিন্ন রাখার চক্রান্ত করছে। তাদের এ চক্রান্ত দেশের জাতীয় সংহতিতে ও আদিবাসীদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে।গতকাল বৃহস্পতিবার বান্দরবানে আন্তর্জাতিক আদিবাসী দিবসের আলোচনা সভায় তিনি এ কথা বলেছেন। জেলা শহরের পুরোনো রাজবাড়ি মাঠে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বোমাং রাজপুত্র ও আদিবাসী দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক চহ্লাপ্রু চৌধুরী। বক্তব্য দেন আদিবাসী নেতা কে এস প্রু চৌধুরী, আঞ্চলিক পরিষদ সদস্য কে এস মং মারমা, সাধুরাম ত্রিপুরা মিল্টন, চাক নেতা মংমং চাক, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইংচ প্রু মাস্টার, বম সোশ্যাল কাউন্সিলের সভাপতি জুয়ামলিয়ান আমলাই, আদিবাসী লেখক ক্যশৈপ্রু মারমা, মানবাধিকার নেত্রী ডনাইপ্রু নেলি প্রমুখ। প্রধান অতিথি কামাল লোহানী সংবিধান সংশোধনের নামে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাবার করা ’৭২-এর সংবিধানকে অস্বীকার করেছেন উল্লেখ করে বলেন, ’৭২-এর সংবিধান পুনরুজ্জীবিত না হলে আদিবাসীদের সমস্যার সমাধান হবে না। আলোচনা সভার আগে কয়েক হাজার আদিবাসী নারী-পুরুষের অংশগ্রহণে বিশাল শোভাযাত্রা বের করা হয়। এতে মারমা, ম্রো, ত্রিপুরা, বম, তঞ্চঙ্গ্যা, রাখাইন, চাক, চাকমাসহ ১২টি আদিবাসী জনগোষ্ঠী প্রত্যেকে স্বতন্ত্র ব্যানার ও ঐতিহ্যবাহী পোশাক পরে শোভাযাত্রায় আসে। এ ছাড়া আদিবাসীদের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনও শোভাযাত্রায় অংশ নেয়। আলোচনা সভা শেষে আদিবাসী সমাজ উন্নয়ন ও বিভিন্নভাবে অবদান রাখায় তিনজনকে মরণোত্তর সমঞ্চাননা দেওয়া হয়। তাঁরা হলেন: সমাজ উন্নয়নে ১৪তম রোমাং রাজা মংশৈপ্রু চৌধুরী, শিক্ষায় বান্দরবানে প্রথম আদিবাসী নারী শিক্ষিকা টিংকোয়া প্রু মারমা ও কোয়ালথন বম।