বিভ্রান্তিকর তথ্যে দ্রুত মুক্ত আসামি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দেওয়ান মোস্তাক মজিদ
দেওয়ান মোস্তাক মজিদ

সিলেট মহানগর মুখ্য বিচারিক হাকিম (সিএমএম) আদালতে বিচারাধীন আলোচিত তারাপুর চা-বাগানের এক হাজার কোটি টাকা আত্মসাৎ মামলার আসামি দেওয়ান মোস্তাক মজিদকে অন্য আদালতের আসামি উল্লেখ করে জামিন আদেশ তামিল করেছে সিলেট কেন্দ্রীয় কারাগার। গত সোমবার বিকেল সাড়ে চারটায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
উচ্চ আদালত থেকে আসামির জামিন আদেশে উল্লেখ করা হয়েছে, সিলেটের জেলা মুখ্য বিচারিক হাকিম আদালতে মামলা চলমান রয়েছে। বাস্তবে মামলাটি চলছে সিলেটের মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতে। গতকাল মঙ্গলবার এ-সংক্রান্ত নথি সরকারি কৌঁসুলির দপ্তরে পৌঁছালে বিষয়টি ধরা পড়ে।
দেওয়ান মোস্তাক মজিদ তারাপুর চা-বাগানের ভুয়া সেবায়েত সেজে রাগীব আলীর কাছে চা-বাগান বন্দোবস্ত দিয়েছিলেন। এ ঘটনায় ২০০৫ সালের ২৭ সেপ্টেম্বর তৎকালীন সহকারী কমিশনার (ভূমি) এস এম আবদুল কাদের সরকারের এক হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে রাগীব আলী, তাঁর ছেলে আবদুল হাই, ভুয়া সেবায়েত দেওয়ান মোস্তাক মজিদসহ ছয়জনকে আসামি করে মামলা করেন। মোস্তাক মজিদ রাগীব আলীর আত্মীয়।
গত ১৯ জানুয়ারি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তারাপুর চা-বাগান পুনরুদ্ধার করার রায় দেন। রায়ে ১৭টি নির্দেশনার মধ্যে মামলার পুনরায় তদন্ত করার নির্দেশ দেওয়া হয়। ১০ জুলাই পিবিআই তদন্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। অভিযোগপত্রে মোস্তাক ৩ নম্বর আসামি।
আদালত সূত্র জানায়, ১০ আগস্ট আদালত থেকে ছয় আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়। দেওয়ান মোস্তাক মজিদ ১০ অক্টোবর আদালতে আত্মসমর্পণ করেন। সেই থেকে তিনি কারাবন্দী ছিলেন। এ মামলার অভিযোগ গঠন করে ১৪ ডিসেম্বর শুনানি হয়। আগামী ৩ জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণের তারিখ ধার্য রয়েছে।
মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) মাহফুজুর রহমান বলেন, উচ্চ আদালতে মোস্তাক মজিদের জামিন আবেদনের শুনানি হয়েছে ১৫ ডিসেম্বর। জামিন আদেশ হয় ১৮ ডিসেম্বর। ১৯ ডিসেম্বর তিনি কারাগার থেকে মুক্তি পান। জামিন আদেশের পরদিনই এ-সংক্রান্ত নথি সিলেট কেন্দ্রীয় কারাগারে অস্বাভাবিক দ্রুততার সঙ্গে পৌঁছানোর পেছনে কারণ খুঁজতে গিয়ে এক আদালতের আসামি আরেক আদালতের উল্লেখ করার বিষয়টি ধরা পড়ে। তিনি আরও বলেন, এটি একধরনের প্রতারণা। কারা কর্তৃপক্ষের উচিত ছিল আলোচিত একটি মামলার আসামিকে মুক্তি দেওয়ার আগে সংশ্লিষ্ট আদালতকে অবহিত করা। কিন্তু কারা কর্তৃপক্ষ এ কাজটি না করায় বিষয়টি রহস্যজনক মনে হচ্ছে। এ বিষয়ে মহানগর মুখ্য বিচারিক হাকিম আদালতের বিচারককে অবহিত করা হয়েছে। কারা কর্তৃপক্ষেরও বক্তব্য জানতে চাওয়া হবে।
সিলেট কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ছগির মিয়া প্রথম আলোকে বলেন, কোনো আসামির জামিনে মুক্তি দেওয়ার আগে শুধু জামিন-সংক্রান্ত কাগজপত্রের সত্যতা যাচাই করা হয়। দেওয়ান মোস্তাক মজিদের ক্ষেত্রে উচ্চ আদালতের জামিন আদেশ সঠিক ছিল। উচ্চ আদালত থেকে তিনি জামিন পেয়েছেন। কারাগার থেকে মুক্তি দেওয়ার আগে সংশ্লিষ্ট আদালতকে অবগত করা হয়েছিল কি না, প্রশ্নে তিনি বলেন, এটা করার নিয়ম নেই।