বিভ্রান্তিকর সুরতহাল প্রতিবেদনের নিন্দা মহিলা আইনজীবী সমিতির
কুমিল্লার কলেজ শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যার ঘটনায় তৈরি করা সুরতহাল প্রতিবেদনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি।
গতকাল এক বিজ্ঞপ্তিতে এ নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলা হয়, সুরতহাল প্রতিবেদনে বলা হয়, তনুর মৃতদেহের কোথাও কোনো ক্ষত বা আঘাতের চিহ্ন পরিলক্ষিত হয়নি। এ ধরনের প্রতিবেদন অত্যন্ত বিভ্রান্তিকর ও কোনোভাবেই বিশ্বাসযোগ্য নয়। এর মাধ্যমে প্রকৃত ঘটনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালকের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি দল গত ২৭ মার্চ তনুর বাবা-মা-ভাই এবং সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে একটি সত্যানুসন্ধান প্রতিবেদন তৈরি করে। ওই সময় তনুর বাবা ইয়ার হোসেন বলেছিলেন, তনুর চুল কাটা, নাকে রক্ত, মাথার পেছনে আঘাতের ফলে মাথা ফুলা ও ভেজা থাকা এবং পরনের জামার দুই পাশে একটু একটু ছেঁড়া থাকার কথা বলেছিলেন।
বিজ্ঞপ্তিত বলা হয়, তনুর বাবার কাছ থেকে সাদা কাগজে সই নেওয়া হয়েছে বলে সুরতহাল প্রতিবেদন প্রণয়নকারীর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, যা আইনবিরোধী কাজ। এর সঙ্গে জড়িত পুলিশ কর্মকর্তার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছে মহিলা আইনজীবী সমিতি। বিজ্ঞপ্তি।