মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রার মো. শাহিনুর ইসলাম বলেছেন, ‘প্রায়ই লক্ষ করা যাচ্ছে, তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের কার্যক্রমকে ট্রাইব্যুনালের কার্যক্রম হিসেবে উল্লেখ করে সংবাদ পরিবেশিত হচ্ছে, যা সংগত কারণেই ট্রাইব্যুনালের জন্য বিব্রতকর ও উদ্বেগের কারণ। এই বিভ্রান্তিমূলক অবস্থা জনমনে ভিন্ন ধারণারও জন্ম দেয়।’ তিনি তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের পরিচালিত কার্যক্রমকে ট্রাইব্যুনালের কার্যক্রম হিসেবে চিহ্নিত করে ট্রাইব্যুনালকে উদ্ধৃত না করার জন্য সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান।শাহিনুর ইসলাম গতকাল রোববার বেলা সাড়ে ১১টায় নিজ কার্যালয়ে এক ব্রিফিংয়ে এ আহ্বান জানান। ডেপুটি রেজিস্ট্রার মো. সেলিম মিয়া এ সময় উপস্থিত ছিলেন।ট্রাইব্যুনালের রেজিস্ট্রার লিখিত বক্তব্যে বলেন, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩ অনুসারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, প্রসিকিউটর ও তদন্ত সংস্থার কার্যক্রম ও কর্মপরিধি নিয়ে বিভিন্ন বিভ্রান্তিমূলক তথ্য ও বক্তব্য পরিবেশিত হচ্ছে, যা আইনের সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। হাইকোর্ট বিভাগের দুজন বিচারপতি ও একজন অবসরপ্রাপ্ত জেলা জজের সমন্বয়ে গঠিত এই ট্রাইব্যুনাল স্বাধীন। এর কার্যক্রম ও দায়িত্ব হলো আইন ও বিধি অনুসারে স্বাধীনভাবে বিচারিক দায়িত্ব পালন করা। মামলাসমূহের তদন্তের ব্যাপারে এবং কাউকে গ্রেপ্তারের জন্য আবেদনের শুনানি ও বিশ্লেষণ করে ট্রাইব্যুনাল প্রয়োজনীয় বিচারিক আদেশ দেন। ওই আইনের অধীনে কোনো অভিযোগের তদন্তকাজে ট্রাইব্যুনালের তদারকির ব্যবস্থা নেই। এটা সম্পূর্ণরূপে তদন্ত সংস্থা ও প্রসিকিউটরদের ওপর ন্যস্ত।‘গ্রেপ্তারের বাইরে থাকা চার শীর্ষ যুদ্ধাপরাধীকে কবজায় নিতে ট্রাইব্যুনাল ও সরকারের শীর্ষ পর্যায় থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে..., প্রথম দফায় ১০ জনের ফিরিস্তি ট্রাইব্যুনালে পাঠানো হয়েছে, ট্রাইব্যুনাল ফিরিস্তি বিশ্লেষণ করে গ্রেপ্তারের পরামর্শ দিচ্ছে...’—২৩ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে প্রকাশিত প্রতিবেদনের অংশবিশেষ তুলে ধরে রেজিস্ট্রার বলেন, ‘ট্রাইব্যুনালের দায়িত্ব ও কর্মপরিধি সম্পর্কে সম্যকভাবে অবহিত না হয়ে এরূপ বিভ্রান্তিকর তথ্য প্রদান ও পরিবেশন দায়িত্বহীনতার পরিচয়, যা প্রকারান্তরে ট্রাইব্যুনালের স্বাধীনতার বিষয়ে ও বিচার কার্যক্রম সম্পর্কে সর্বসাধারণের মনে ভিন্ন ধারণার জন্ম দিতে পারে।’