বিম ধরে রাখতে বাঁশের খুঁটি, ঝুঁকি নিয়ে পাঠদান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ার হাত থেকে রক্ষা পেতে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। এরই নিচে চলছে পাঠদান। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদ ধসে পড়ার হাত থেকে রক্ষা পেতে বাঁশের খুঁটি লাগানো হয়েছে। এরই নিচে চলছে পাঠদান। সম্প্রতি তোলা ছবি l প্রথম আলো

ভবনের ছাদ কোনো রকমে দাঁড়িয়ে আছে বিমের ওপর। বিম ধরে রাখতে লাগানো হয়েছে বাঁশের খুঁটি। এমন ঝুঁকিপূর্ণ অবস্থায় ক্লাস করছে চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। এটি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় অবস্থিত।
 বিদ্যালয় সূত্র জানায়, ১৯৭২ সালে এলাকার কয়েকজন শিক্ষানুরাগী বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেন। দীর্ঘদিন টিনের চালার নিচে পাঠদান চলার পর ১৯৯৪ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) একটি ভবন নির্মাণ করে দেয়। সেই ভবনেই পাঠদান চলছে। কিন্তু তিন বছর ধরে ভবনের বিমগুলোতে ফাটল ধরেছে। এর মধ্যে একটি বিম মারাত্মক ঝুঁকিপূর্ণ। এটির নিচে সকালে দ্বিতীয় ও দুপুরে চতুর্থ শ্রেণির ক্লাস চলে। ছাদের প্লাস্টার ধসে পড়ছে। গোটা ছাদ নষ্ট হয়ে গেছে। একটু বৃষ্টি হলেই ছাদ চুয়ে পানি পড়ে। ভবনটিতে তিনটি কক্ষ রয়েছে। এর একটি কক্ষে দাপ্তরিক কাজ হয়। বাকি দুটি শ্রেণিকক্ষ।
বিদ্যালয়টির প্রধান শিক্ষক কমল কান্ত মজুমদার বলেন, ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়। বর্তমানে ১৩৯ জন শিক্ষার্থী এখানে পড়ালেখা করছে। শিক্ষক পাঁচজন। বিদ্যালয়টি সমাপনী পরীক্ষায় ভালো ফল করছে। প্রতিবছরই শতভাগ পাসের পাশাপাশি দু-তিনজন করে ছেলেমেয়ে বৃত্তি পাচ্ছে। বর্তমানে তাঁদের বড় সমস্যা বিদ্যালয় ভবন। এটি এতটাই ঝুঁকিপূর্ণ যে ছোট শিশুদের এমন ভবনে ক্লাস নিতে তাঁরা ভয় পাচ্ছেন।

সহকারী শিক্ষক হারুন-অর রশীদ বলেন, কয়েকবার তাঁরা লিখিতভাবে বিষয়টি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে জানিয়েছেন। দুই বছর হতে চলল এলজিইডির উপজেলা প্রকৌশলীরা এসে পরীক্ষা করে ভবনটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছেন। তবে বিদ্যালয়ে আর কোনো বিকল্প ব্যবস্থা না থাকায় এই ভবনেই কাজ চালিয়ে যেতে বলে যান। তারপরও একাধিকবার শিক্ষকেরা যোগযোগ করেছেন, কিন্তু লাভ হয়নি। বলা হয়, নতুন ভবনের জন্য চেষ্টা চলছে। কিন্তু হচ্ছে না।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সালমা খাতুন বলেন, কালীগঞ্জে এ জাতীয় কয়েকটি বিদ্যালয় ভবন ঝুঁকিপূর্ণ আছে। এর মধ্যে চাপালী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি খুবই ঝুঁকিপূর্ণ। তাঁরা ইতিমধ্যে পাঁচটি প্রতিষ্ঠানের নতুন ভবন জরুরি বলে অধিদপ্তরে প্রস্তাব পাঠিয়েছেন। এর মধ্যে চাপালী ১ নম্বরে রয়েছে। আশা করা হচ্ছে, দ্রুত এ সমস্যার সমাধান হবে।