ফেনীতে ব্যবসায়ী সাইফুল ইসলামের (৩২) হত্যার সঙ্গে জড়িত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানসহ ছয়জনের নাম উল্লেখ করে গ্রেপ্তার হওয়া আসামি বিমল চন্দ্র দাস গতকাল শুক্রবার আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।এ সময় তিনি হত্যার সঙ্গে ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার, আলী আকবর, জালাল আহম্মদ, মিয়া, সঞ্জয় ও বিমল চন্দ্র দাস নিজে জড়িত থাকার কথা স্বীকার করেন। ফেনীর বিচারিক হাকিম মো. মাঈনুদ্দিন তাঁর জবানবন্দি রেকর্ড শেষে তাঁকে ফেনী কারাগারে পাঠানোর নির্দেশ দেন।গতকাল শুক্রবার সকালে সাইফুলের অর্ধগলিত লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।পুলিশ জানায়, গত ৬ সেপ্টেম্বর ব্যবসায়ী সাইফুল ইসলাম পাওনা টাকা আদায়ের জন্য তাঁর কাছে থাকা আলী আকবরের অলিখিত স্ট্যাম্পসহ ফেনী সদর উপজেলার লেমুয়া যান। ওই দিন দুপুরে আলী আকবরের বাড়িতে স্থানীয় ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদারসহ অন্য আসামিরা একসঙ্গে খাওয়াদাওয়া করেন। বিকেলে সাইফুলকে আলী আকবরের পোলট্রি খামারে নিয়ে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করা হয়। পরে সাইফুলের লাশ বস্তায় ভরে পুকুরে ফেলে দেন। লেমুয়া ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান তালুকদার ব্যবসায়ী সাইফুল হত্যাকাণ্ডে তাঁর সম্পৃক্ততার কথা অস্বীকার করেন। তিনি মুঠোফোনে প্রথম আলোকে জানান, ৬ সেপ্টেম্বর তিনি অসুস্থতার কারণে রোগ নির্ণয়ের জন্য ঢাকায় চিকিৎসকের কাছে ছিলেন।