বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষা নিয়ে কর্মশালা
‘শিক্ষা মানসম্মত না হলে বিমসটেক অঞ্চলে বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, পর্যটন ও যোগাযোগ উন্নত হলেও কাজে আসবে না। এ অঞ্চলে দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে হলে কার্যকরী উচ্চশিক্ষা কাঠামো, ক্রস বর্ডার এডুকেশন, জার্নাল ইনডেক্সিং ও উচ্চশিক্ষার জন্য বিশ্ববিদ্যালয় থাকতে হবে।’
গতকাল ধানমন্ডিতে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ডিআইইউ) অস্থায়ী চত্বরে ‘ব্যবসায় প্রশাসন বিভাগে পাঠ্যক্রম পরিবর্তনের প্রয়োজনীয়তা: বিমসটেক অঞ্চলের ব্যবসা শিক্ষার অবস্থান ও দক্ষতার মাপকাঠি নির্ণয়’ শীর্ষক এক কর্মশালায় কথাগুলো বলেন প্রধানমন্ত্রীর বিশেষ উপদেষ্টা ওয়ালিউর রহমান।
বিশ্ববিদ্যালয় মিলনায়তনে ডিআইইউ ব্যবসায় প্রশাসন বিভাগ ও কনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের আয়োজনে এই কর্মশালায় আরও উপস্থিত ছিলেন ভারতের টাটা কনসালট্যান্সি সার্ভিসের সহসভাপতি অধ্যাপক ভূষণ দেওয়ান, ইনস্টিটিউট ফর ইনক্লুসিভ ফাইন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্ট ঢাকা অঞ্চলের নির্বাহী পরিচালক মুস্তফা কে মুজেরি, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের কোয়ালিটি অ্যাসুরেন্স ইউনিটের প্রধান অধ্যাপক মেজবাহ উদ্দিন, ডিআইইউ ট্রাস্টিজ বোর্ডের চেয়ারম্যান সবুর খান, উপাচার্য অধ্যাপক ইউসুফ এম ইসলাম, বাণিজ্য ও অর্থনীতি অনুষদের ডিন অধ্যাপক রফিকুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদসহ অনেকে। কর্মশালায় নির্বাচিত বক্তব্য দেন ফরাসি অর্থনীতিবিদ ও যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব স্ট্রাথক্লাইডের এমবিএ প্রোগ্রামের প্রাতিষ্ঠানিক পরিচালক মেরি এইমি টওরেস।