বিমসটেক এফটিএ চালু না হওয়ায় হতাশ মহাসচিব
আঞ্চলিক জোট বিমসটেকে মুক্ত বাণিজ্য ব্যবস্থা চালুর জন্য ২০০৪ সালে চুক্তি সই করেছিল বঙ্গোপসাগরের উপকূলের দেশগুলো। মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের এক যুগ পরও চুক্তিটি বাস্তবায়িত না হওয়ায় হতাশা জানিয়েছেন বিমসটেকের মহাসচিব সুমিত নাকানডালা।
আজ রোববার রাজধানীর বিমসটেক সচিবালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় সুমিত নাকানডালা তাঁর হতাশার কথা জানান।
বিমসটেক (বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরের উদ্যোগ) ‘দ্য ইমপর্টেন্স অব ডকুমেন্টিং প্রি-১৫০০ বে অব বেঙ্গল রিজওনাল ইন্টিগ্রেশন অ্যান্ড কনটেস্টেড এজেন্সিজ রিলেটিভ টু দি প্রেজেন্ট’ শীর্ষক প্রথম বক্তৃতা সিরিজের আয়োজন করে। এতে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বল স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক কেনেথ আর হল।
স্বাগত বক্তৃতায় সুমিত নাকানডালা বলেন, গত বছর বিমসটেক বক্তৃতা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর তা পিছিয়ে দেওয়া হয়। বিমসটেকের মুক্ত বাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সদস্য দেশগুলোকে কাঠখড় পোড়াতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে গড়া বিমসটেক ২০০৪ সালে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য একটি রূপরেখা চুক্তি সই করে। জোটের ছয় দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চালুর জন্য চারটি সম্পূরক চুক্তি সইয়ের কথা ছিল। ওই চার চুক্তি সইয়ের জন্য পর গত বছরের সেপ্টেম্বরে আলোচনায় বসে সদস্য দেশগুলোর বিশেষজ্ঞরা। কিন্তু কোনো রকম সমঝোতা ছাড়াই শেষ হয়েছে দীর্ঘ চার বছর বিরতির পর অনুষ্ঠিত গত সেপ্টেম্বরের বৈঠকটি। ছয় দেশের বাণিজ্য সংক্রান্ত কমিটির সদস্যদের মধ্যে সমঝোতা হওয়ার পর ওই চার চুক্তি সইয়ের জন্য চূড়ান্ত হওয়ার কথা। এরপর ওই চুক্তিগুলো বিমসটেক বাণিজ্য মন্ত্রীরা সই করবেন। অথচ মুক্ত বাণিজ্য ব্যবস্থা কার্যকর করতে শুল্ক কমানোর হার, নেতিবাচক পণ্যের তালিকা, পণ্যের উৎস ঠিক করার মানদণ্ড, বিরোধ নিষ্পত্তির প্রক্রিয়া, কাস্টমসের প্রক্রিয়া এবং সেবা ও বিনিয়োগের চুক্তি নিয়ে সদস্য দেশগুলো একমত হতে পারেনি।
আজকের আলোচনায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি ঐতিহাসিকভাবে বঙ্গোপসাগরের উপকূলের দেশগুলোর ভাষা, সংস্কৃতি ও জীবনাচারের মধ্যে মিলের বিষয়টিকে আমরা অবহেলা করেছি। ফলে বিমসটেকের গুরুত্বের বিষয়টিও এ অঞ্চলের লোকজনের কাছে উপেক্ষিত থেকেছে।’
কেনেথ আর হল তাঁর বক্তৃতায় ঐতিহাসিক প্রেক্ষাপট থেকে বঙ্গোপসাগরের দেশগুলোর সাজুয্যের বিষয়টি উল্লেখ করে বিমসটেকের সম্ভাবনা নিয়ে কথা বলেন।