বিমসটেক নিরাপত্তা প্রধানদের দ্বিতীয় বৈঠক বাংলাদেশে
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেকটোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো–অপারেশনের (বিমসটেক) সদস্যদেশগুলোর জাতীয় নিরাপত্তাপ্রধানদের দ্বিতীয় বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল মঙ্গলবার নিরাপত্তাপ্রধানদের প্রথম বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমদ সিদ্দিক পরের বৈঠক ঢাকায় আয়োজনের প্রস্তাব দেন। বাংলাদেশের প্রস্তাবকে সবাই স্বাগত জানান। পরে প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হয়।
বৈঠকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা এবং বিমসটেকের সেক্রেটারি জেনারেল সুমিত নাকানডালা অংশ নেন।
বৈঠকে সবাই স্বীকার করেন, সদস্যদেশগুলোর নিরাপত্তা সম্পর্কিত সমস্যাগুলোর চরিত্র প্রায় এক। এর মোকাবিলাও একই ধাঁচের হওয়া প্রয়োজন, যাতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষিত হওয়ার পাশাপাশি সদস্যদেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রচারিত এক বিবৃতিতে বাংলাদেশের প্রস্তাবের কথা উল্লেখ করে জানানো হয়, বৈঠকে সবাই মনে করেছেন বঙ্গোপসাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে সবচেয়ে বড় হুমকি হলো সন্ত্রাসবাদ। এর মোকাবিলায় সব সদস্যদেশকেই একজোট হতে হবে। এ জন্য সদস্যদেশগুলোর মধ্যে নিরাপত্তাসংক্রান্ত সব ধরনের সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। এই লক্ষ্যে কী কী করা দরকার, বৈঠকে তা-ও আলোচিত হয়। এগুলোর মধ্যে সমুদ্রপথের নিরাপত্তাব্যবস্থায় সহযোগিতা অন্যতম।
গত বছর ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য গোয়ায় বিমসটেকের আসরে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এই বৈঠকের আয়োজন করা হয়।