বিমসটেক নিরাপত্তা প্রধানদের বৈঠক আজ ঢাকায়
>
- ঢাকায় অজিত ডোভাল।
- সামগ্রিক নিরাপত্তায় সহযোগিতা জোরদার গুরুত্ব পাবে।
- বিমসটেকের নিরাপত্তাপ্রধানরা সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করবেন।
বিমসটেকভুক্ত দেশগুলোর জাতীয় নিরাপত্তাপ্রধানদের দ্বিতীয় বৈঠক আজ বুধবার ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। বৈঠকে যোগ দিতে মঙ্গলবার বিকেলে ঢাকায় এসেছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, বঙ্গোপসাগরীয় দেশগুলোর বহুমাত্রিক অর্থনৈতিক ও কারিগরি সহযোগিতা জোটের (বিমসটেক) এ বৈঠকে এ
অঞ্চলের সামগ্রিক নিরাপত্তার স্বার্থে সহযোগিতা জোরদারের বিষয় গুরুত্ব পাবে। প্রধানমন্ত্রীর নিরাপত্তা-বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকের সভাপতিত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় এক দিনের রুদ্ধদ্বার বৈঠকটি হবে। গত বছরের মার্চে দিল্লিতে নিরাপত্তাপ্রধানদের প্রথম বৈঠকে
যেসব সিদ্ধান্ত হয়েছিল, তা নিয়ে বৈঠকে পর্যালোচনা করা হবে।
গত বছরের ২১ মার্চের ওই বৈঠকে আইন প্রয়োগকারী, গোয়েন্দা ও নিরাপত্তা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা, সমন্বয়ের উন্নতি ও সক্ষমতা বাড়িয়ে সহিংস চরমপন্থা ও মৌলবাদের বিস্তার রোধ করার জন্য জোটবদ্ধভাবে জরুরি ব্যবস্থা নেওয়ার বিষয়ে সব দেশ রাজি হয়। এ ছাড়া অন্তর্জাল নিরাপত্তার ক্ষেত্রে একটি ফোরাম গঠনের মাধ্যমে সহযোগিতা বাড়াতেও সদস্য দেশগুলো সিদ্ধান্ত নেয়।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে গতকাল বিকেলে গণমাধ্যমকে জানানো হয়েছে, বিমসটেকের নিরাপত্তাপ্রধানরা আজ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন।
তবে বিমসটেক বৈঠকের ফাঁকে বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্বের সঙ্গে ভারতের জাতীয়
নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের আলাদাভাবে কোনো বৈঠক হচ্ছে কি না, সেটি গতকাল সন্ধ্যা পর্যন্ত জানা যায়নি। তবে কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার এক প্রতিবেদনে লিখেছে, বহুপক্ষীয় আলোচনার পাশাপাশি বাংলাদেশের শীর্ষ কর্তাদের সঙ্গে সামগ্রিক নিরাপত্তা নিয়ে আলোচনা করবেন ডোভাল।
ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই অজিত ডোভালের প্রথম ঢাকা সফর। অবশ্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফরসঙ্গী হয়ে ২০১৫ সালের জুনে ঢাকায় আসার কথা ছিল তাঁর। কিন্তু ওই সময় বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে মিয়ানমার সীমান্তের ভেতর ভারতীয় সেনাবাহিনীর সার্জিক্যাল স্ট্রাইক তত্ত্বাবধানের জন্য ঢাকায় আসেননি অজিত ডোভাল।