বিমসটেক নিয়ে বাংলাদেশের অফার
বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টি-সেকটোরাল, টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন বা ‘বিমসটেক’-এর সদস্য দেশগুলোর জাতীয় নিরাপত্তাপ্রধানদের দ্বিতীয় বৈঠক বাংলাদেশে অনুষ্ঠিত হবে। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা ও নিরাপত্তা উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক আজ মঙ্গলবার নয়াদিল্লিতে এ প্রস্তাব দেন। প্রস্তাবটি গৃহীত ও অনুমোদিত হয়েছে।
প্রস্তাবটি দেওয়া হয় বিমসটেক সদস্যভুক্ত দেশগুলোর নিরাপত্তাপ্রধানদের প্রথম বৈঠকে। নয়াদিল্লিতে অনুষ্ঠিত এক দিনের সেই বৈঠকে বাংলাদেশের প্রস্তাবকে সবাই স্বাগত জানান। বৈঠকে ভারত, বাংলাদেশ, ভুটান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, থাইল্যান্ডের জাতীয় নিরাপত্তা উপদেষ্টারা ও বিমসটেকের সেক্রেটারি জেনারেল সুমিত নাকানডালা অংশ নেন।
বৈঠকে সবাই স্বীকার করেন, সদস্য দেশগুলোর নিরাপত্তা সম্পর্কিত সমস্যাগুলোর চরিত্র প্রায় এক। এর মোকাবিলাও একই ধাঁচের হওয়া প্রয়োজন, যাতে আঞ্চলিক নিরাপত্তা রক্ষিত হওয়ার পাশাপাশি সদস্য দেশগুলোর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হতে পারে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষে প্রচারিত এক বিবৃতিতে আজ মঙ্গলবার বাংলাদেশের প্রস্তাবের কথা জানানো হয়, বৈঠকে সবাই মনে করেছেন, বঙ্গোপসাগর অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতার প্রশ্নে সবচেয়ে বড় হুমকি হলো সন্ত্রাসবাদ। এর মোকাবিলায় সব সদস্য দেশকেই একজোট হতে হবে। এ জন্য সদস্য দেশগুলোর মধ্যে নিরাপত্তাসংক্রান্ত সব ধরনের সহযোগিতার ক্ষেত্র বাড়াতে হবে। এ লক্ষ্যে কী কী করা দরকার, বৈঠকে তা-ও আলোচিত হয়। এগুলোর মধ্যে সমুদ্রপথের নিরাপত্তাব্যবস্থায় সহযোগিতা অন্যতম।
গত বছর ভারতের পশ্চিম প্রান্তের রাজ্য গোয়ায় বিমসটেকের আসরে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী এ বৈঠকের আয়োজন করা হয়। গোয়া সম্মেলনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দিয়েছিলেন।