বিমসটেক সচিবালয় অংশীদারত্বের গর্বিত প্রতিষ্ঠান: প্রধানমন্ত্রী

রাজধানীর গুলশানে বিমসটেক সচিবালয় উদ্বোধনের মধ্য দিয়ে আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে নতুন যাত্রার সূচনা হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শনিবার বিমসটেক সচিবালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এর আগে তিনি ফলক উন্মোচনের মাধ্যমে সচিবালয় উদ্বোধন করেন।
প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বিমসটেক সচিবালয় হবে বঙ্গোপসাগরের এ অঞ্চলের সাতটি দেশের গর্বিত অংশীদারত্বের এক গর্বিত প্রতিষ্ঠান।
বিমসটেকের সচিবালয় উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
বক্তব্যের পর শেখ হাসিনা চার টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের একটি উদ্বোধনী খাম ও পাঁচ টাকা মূল্যমানের ডেটা কার্ড অবমুক্ত করেন। এগুলো আজ থেকে জিপিওর ফিলাটেলিক ব্যুরো থেকে বিক্রি করা হচ্ছে।
অনুষ্ঠানে বক্তব্য দেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, বিমসটেক সচিবালয়ের প্রথম মহাসচিব সুমিত নাকানদালা প্রমুখ।