বিমসটেক সচিবালয় ঢাকায়, কর্মকান্ড শুরু মে মাসে
আগামী মে মাস থেকে ঢাকায় আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বঙ্গোপসাগরীয় আঞ্চলিক জোট বিমসটেকের স্থায়ী সচিবালয়ের কর্মকান্ড। আগামী মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেপিডোতে অনুষ্ঠেয় তৃতীয় বিমসটেক শীর্ষ সম্মেলনে এ সংক্রান্ত একটি সহযোগিতা স্মারক সই হবে।
আজ রোববার বিমসটেকের জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তাদের বৈঠকের সিদ্ধান্ত আগামীকাল সোমবার অনুষ্ঠেয় মন্ত্রী পর্যায়ের বৈঠকে চূড়ান্ত অনুমোদন পাবে।
মিয়ানমারে আজ সন্ধ্যায় বিমসটেকের (বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরীয় উদ্যোগ) জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের পর বাংলাদেশের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
বিমসটেকের প্রথম মহাসচিব হিসেবে নিয়োগ পেতে যাচ্ছেন ইরাক ও নেপালে নিযুক্ত শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রদূত সুমিত নাকানডালা। ঢাকায় বিমসটেক সচিবালয়ের কার্যক্রম শুরু ও প্রথম মহাসচিব নিয়োগের বিষয়গুলো জোটের তৃতীয় শীর্ষ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।
বিমসটেকের তৃতীয় শীর্ষ সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাল সোমবার সকালে দুই দিনের সফরে মিয়ানমার যাচ্ছেন। ছয় বছর বিরতির পর অনুষ্ঠিত হতে যাচ্ছে বিমসটেক।
পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দুই দিনের মিয়ানমার সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৩২-সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। গত ১২ জানুয়ারি ক্ষমতায় আসার পর এটি হবে প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর।
আগামী মঙ্গলবার নেপিদোতে মিয়ানমার আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত বিমসটেক শীর্ষ সম্মেলনে শেখ হাসিনার বক্তব্য দেবেন। এবারকার শীর্ষ সম্মেলনে ঢাকায় বিমসটেকের সদর দপ্তর ও ভারতে বিমসটেক আবহাওয়া ও জলবায়ু কেন্দ্র চালুর জন্য সহযোগিতা স্মারক এবং ভুটানে সংস্কৃতি কমিশন ও সংস্কৃতিবিষয়ক মানমন্দির চালুর বিষয়ে সমঝোতা স্মারক সই হবে।
আগামী দিনের সহযোগিতার বিষয়বস্তু
নেপিডোতে থেকে কূটনীতিক সূত্রে জানা গেছে, আগামীকাল বিমসটেক মন্ত্রী পর্যায়ের অনুমোদনের জন্য জ্যেষ্ঠ কর্মকর্তাদের বৈঠকের প্রতিবেদন চূড়ান্ত করা হয়েছে। এতে এ বছরে ঢাকায় অনুষ্ঠেয় বিমসটেক বাণিজ্যমন্ত্রী পর্যায়ের বৈঠকের বিষয়টি আলোচিত হয়েছে। এ বৈঠকে বিমসটেক মুক্ত বাণিজ্য এলাকা সংক্রান্ত রূপরেখা চুক্তির আওতায় পণ্য বাণিজ্য চুক্তি, মুক্ত বাণিজ্য এলাকা সংক্রান্ত রূপরেখা চুক্তির সংশোধনীর প্রটোকল ও এ চুক্তির আওতায় বিরোধ নিষ্পত্তির চুক্তি সইয়ের জন্য সদস্য দেশগুলোকে উত্সাহ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আঞ্চলিক যোগাযোগ বৃদ্ধির লক্ষ্যে বিমসটেকের সদস্য দেশগুলোর মধ্যে এক সমীক্ষার সুপারিশ অনুযায়ী জরুরি ভিত্তিতে অগ্রাধিকার প্রকল্প নির্ধারণ ও ২০১৪ থেকে ২০২০ সাল পর্যন্ত কর্মপরিকল্পনা নির্ধারণে সদস্য দেশগুলোর প্রতি মন্ত্রী পর্যায়ের বৈঠকে আহ্বান জানানো হবে।
বিমসটেকের সাত সদস্য-বাংলাদেশ, ভূটান, ভারত, মিয়ানমার নেপাল, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডের নাগরিকদের এক দেশ থেকে অন্য দেশে ভ্রমণ অবাধ করতে ভিসা সহজ করার বিষয়টি নিয়ে আলোচনা হবে। সদস্য দেশগুলোতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় আগামী এপ্রিলের মধ্যে বাংলাদেশ একটি ধারণাপত্র চূড়ান্ত করবে। আগামী অক্টোবরে একটি কর্মশালায় আলোচনার পর জলবায়ু পরিবর্তনের বিষয়ে একটি কর্মপরিকল্পনা চূড়ান্ত করা হবে।
সচিবালয় পরিচালনার আর্থিক হিসেব
ঢাকায় বিমসটেকের স্থায়ী সচিবালয়ের কর্মকান্ড পরিচালনার জন্য শুরুতে তিন বছর মেয়াদী বাজেট যোগানোর সিদ্ধান্ত হয়েছে। প্রাথমিকভাবে তিন বছরের খরচের আনুপাতিক হিসেব করা হয়েছে এবং সাতটি সদস্য দেশ একটি নির্ধারিত হারে এ অর্থের যোগান দেবে। এ হিসেব অনুযায়ী প্রথম তিন বছরের খরচের ৩২ শতাংশ যোগান দেবে ভারত। এছাড়া থাইল্যান্ড, বাংলাদেশ ও শ্রীলঙ্কা দেবে যথাক্রমে ১৭ দশমিক ২৫, ১৪ ও ১৩ দশমিক ৭৫ শতাংশ। বাংলাদেশের পক্ষ থেকে বৈঠকে এ বছরের মে থেকে ডিসেম্বর পর্যন্ত সচিবালয় পরিচালনার খসড়া বাজেট প্রস্তাব করা হয়েছে। বৈঠকে সদস্য দেশগুলোকে স্থায়ী সচিবালয়ের কর্মকান্ড শুরুর লক্ষ্যে ১ মের মধ্যে প্রয়োজনীয় অর্থ দিতে অনুরোধ করা হয়েছে।