বঙ্গোপসাগরীয় অঞ্চলের সাত-দেশীয় জোট বিমসটেকে বিদ্যুৎ-বাণিজ্য নিশ্চিত করতে অভিন্ন সঞ্চালন লাইন স্থাপনের জন্য একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হতে যাচ্ছে। গতকাল সোমবার ঢাকায় অনুষ্ঠিত আন্তবিদ্যুৎ বিনিময় ও উন্নয়নবিষয়ক বিমসটেক টাস্কফোর্সের পঞ্চম বৈঠকে বিমসটেকের সঞ্চালন লাইনের সংযোগসংক্রান্ত সমঝোতা স্মারকের খসড়া চূড়ান্ত হয়েছে। সমঝোতা স্মারকটি আগামী জুলাইয়ে নেপালে অনুষ্ঠেয় জ্বালানিমন্ত্রীদের বৈঠকে সইয়ের কথা রয়েছে।
রাজধানীর একটি হোটেলে বিমসটেক টাস্কফোর্সের পঞ্চম বৈঠকে সভাপতিত্ব করেন বিদ্যুৎ বিভাগের যুগ্ম সচিব (উন্নয়ন) মো. আনোয়ার হোসেন। এর আগে সকালে বৈঠকের উদ্বোধন করেন বিদ্যুৎসচিব মনোয়ারুল ইসলাম।
বৈঠকের পর পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মিয়ানমার ছাড়া সব দেশই খসড়ার ব্যাপারে সম্মতি দিয়েছে। তাই মিয়ানমারকে আগামী কয়েক সপ্তাহের মধ্যে এ বিষয়ে মতামত দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। এপ্রিলে অনুষ্ঠেয় বিমসটেকের পররাষ্ট্রসচিবদের বৈঠকের আগে সমঝোতা স্মারকে সব দেশের সম্মতি নিশ্চিত করতে চায় সদস্যদেশগুলো। জুলাইয়ে নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনুষ্ঠেয় বিদ্যুৎমন্ত্রীদের বৈঠকে সমঝোতা স্মারকটি সইয়ের কথা রয়েছে। মন্ত্রীদের বৈঠকের আগে সচিবদের আলোচনায় বসার কথা রয়েছে।
চুক্তির খসড়া তৈরির সঙ্গে যুক্ত বিদ্যুৎ বিভাগের এক জ্যেষ্ঠ কর্মকর্তা এ প্রতিবেদককে জানান, বিভিন্ন খাতে কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা-সংক্রান্ত বঙ্গোপসাগরীয় উদ্যোগের (বিমসটেক) জোটে বিদ্যুৎ বিনিময়ের জন্য রূপরেখা সমঝোতা স্মারকটি সই হবে। এতে বিদ্যুৎ-বাণিজ্যের নীতিমালা কী হবে, সেটি সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। খসড়ায় কত সময়ের মধ্যে সদস্যদেশগুলোতে বিদ্যুৎ সঞ্চালন লাইনের মধ্যে সংযোগ স্থাপিত হবে তার পথনকশা দেওয়া হয়েছে। এতে সদস্যদেশগুলোর মধ্যে বিদ্যুৎ বিনিময়ের জন্য কারিগরি সহযোগিতার ওপর বিশেষ গুরুত্ব থাকছে।
বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে গঠিত বিমসটেক। জোটের দেশগুলোতে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করে অতিরিক্ত বিদ্যুৎ বিনিময়ের জন্য ২০০৫ সালে প্রথম বিমসটেক বিদ্যুৎ সঞ্চালন লাইনের প্রস্তাব করা হয়। এরপর গত এক দশকে সদস্যদেশগুলো এ নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করেছে। আর জ্বালানি বিনিময় নিয়ে ইতিমধ্যে এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহায়তায় একটি সমীক্ষা পরিচালিত হয়েছে। সমীক্ষায় বিদ্যুৎ বিনিময়ের জন্য অভিন্ন সঞ্চালন লাইন প্রতিষ্ঠার অপরিহার্যতার উল্লেখ করা হয়েছে।
প্রসঙ্গত, বিসমসটেকের অন্যতম দুই সদস্য বাংলাদেশ ও মিয়ানমার গত ফেব্রুয়ারিতে জ্বালানি সহযোগিতা বাড়াতে রাজি হয়েছে। পরিকল্পিত সহযোগিতার আওতায় প্রতিবেশী মিয়ানমার থেকে গ্যাস এনে বিদ্যুৎ উৎপাদন করবে বাংলাদেশ। উৎপাদিত বিদ্যুতের বাড়তি অংশ বাংলাদেশ বিক্রি করবে মিয়ানমারে।