বিমসটেকে মুক্তবাণিজ্য চালু না হওয়ায় হতাশ মহাসচিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমসটেকে মুক্তবাণিজ্যব্যবস্থা চালুর জন্য ২০০৪ সালে চুক্তি সই করেছিল জোটভুক্ত দেশগুলো। মুক্তবাণিজ্য চুক্তি (এফটিএ) সইয়ের এক যুগ পরও চুক্তিটি বাস্তবায়িত না হওয়ায় হতাশা ব্যক্ত করেছেন বিমসটেকের মহাসচিব সুমিত নাকানডালা। গতকাল রোববার রাজধানীর বিমসটেক সচিবালয়ে অনুষ্ঠিত এক আলোচনা সভায় তিনি তাঁর হতাশার কথা জানান।
বিমসটেক (বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার বঙ্গোপসাগরের উদ্যোগ) দ্য ইমপর্ট্যান্স অব ডকুমেন্টিং প্রি-১৫০০ বে অব বেঙ্গল রিজিওনাল ইন্টিগ্রেশন অ্যান্ড কনটেস্টেড এজেন্সিস রিলেটিভ টু দ্য প্রেজেন্ট শীর্ষক প্রথম বক্তৃতা সিরিজের আয়োজন করে। এতে বক্তৃতা করেন যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের বল স্টেট ইউনিভার্সিটির ইতিহাসের অধ্যাপক কেনেথ আর হল।
স্বাগত বক্তৃতায় সুমিত নাকানডালা বলেন, গত বছর বিমসটেক বক্তৃতা আয়োজনের পরিকল্পনা ছিল। কিন্তু নেপালের ভয়াবহ ভূমিকম্পের পর তা পিছিয়ে দেওয়া হয়। বিমসটেকের মুক্তবাণিজ্য চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে সদস্যদেশগুলোকে কাঠখড় পোড়াতে হচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, বাংলাদেশ, ভুটান, ভারত, মিয়ানমার, শ্রীলঙ্কা ও থাইল্যান্ডকে নিয়ে গড়া বিমসটেক ২০০৪ সালে মুক্ত বাণিজ্য চুক্তির জন্য একটি রূপরেখা চুক্তি সই করে। জোটের ছয় দেশের মধ্যে মুক্তবাণিজ্য চালুর জন্য চারটি সম্পূরক চুক্তি সইয়ের কথা ছিল। ওই চার চুক্তি সইয়ের জন্য গত বছরের সেপ্টেম্বরে আলোচনায় বসেন সদস্যদেশগুলোর বিশেষজ্ঞরা। কিন্তু কোনো রকম সমঝোতা ছাড়াই তা শেষ হয়।
গতকালের আলোচনায় প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক উপদেষ্টা গওহর রিজভী প্রধান অতিথির বক্তৃতায় বলেন, ‘দুঃখজনক হলেও সত্যি ঐতিহাসিকভাবে বঙ্গোপসাগরের উপকূলের দেশগুলোর ভাষা, সংস্কৃতি ও জীবনাচারের মধ্যে মিলের বিষয়টিকে আমরা অবহেলা করেছি। ফলে বিমসটেকের গুরুত্বের বিষয়টিও এ অঞ্চলের লোকজনের কাছে উপেক্ষিত থেকেছে।’