বিমা কর্মকতার ১৭ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকের টাকা আত্মসাতের সাত মামলায় জীবন বীমা করপোরেশনের সাবেক উপব্যবস্থাপক (বিপণন) রফিক আহমেদকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল রোববার চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মীর রুহুল আমিন এ রায় দেন। রায় ঘোষণার পর আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, জীবন বীমা করপোরেশন চট্টগ্রামের গ্রাহক শাহাদাত হোসেন, খোরশেদা ইয়াছমিন, মো. ইসহাক, সাইদুল হক, জাকির হোসেন, জসীম উদ্দিন ও রাশেদুল বারীর ৬ লাখ ৮৯ হাজার টাকা আত্মসাতের অভিযোগে ২০০৪ সালের ২৫ জুলাই কোতোয়ালি থানায় সাতটি পৃথক মামলা হয়। বিমা কর্মকর্তা রফিক আহমেদকে আসামি করে এই মামলা করেন দুর্নীতি দমন ব্যুরোর সাবেক পরিদর্শক আমিনুর রহমান। ১৯৯৯ থেকে ২০০০ সালের মধ্যে এই অর্থ আত্মসাৎ করা হয়। তদন্ত শেষে দুদক ২০১০ সালের ২৯ জানুয়ারি আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৩ সালের ১ জানুয়ারি আসামি রফিকের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

দুদক আইনজীবী জানান, আদালত পাঁচটি মামলায় আসামি রফিককে তিন বছর করে ১৫ বছর এবং দুটি মামলায় ১ বছর করে ২ বছরের কারাদণ্ড দেন।