বিমাকর্মীর লাশ নিয়ে আদালত চত্বরে বিক্ষোভ
রাজশাহীতে ছুরিকাঘাতে নিহত বিমাকর্মীর লাশ নিয়ে গতকাল বুধবার তাঁর স্বজনেরা আদালত চত্বরে বিক্ষোভ করেছেন। তাঁরা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
নিহত বিমাকর্মী রাসেল আলীর বড় ভাই জুয়েল রানা (২৫) বাদী হয়ে গত মঙ্গলবার রাতে নগরের রাজপাড়া থানায় হত্যা মামলা দায়ের করেছেন। মামলার তদন্ত কর্মকর্তা রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) শেখ মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, মামলায় পাঁচজনের নাম উল্লেখ করে এবং তিন-চারজন অজ্ঞাত ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এ হত্যাকাণ্ডের পর আটক শাকিল হোসেনকে (২২) এ মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। এজাহারেও তাঁর নাম রয়েছে। শাকিল বুলনপুর এলাকার মাসুদ পারভেজের ছেলে। গতকাল দুপুরে পুলিশ তাঁকে আদালতে সোপর্দ করে।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত শাকিলকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। বিচারক তাঁকে কারাগারে পাঠিয়েছেন। তবে রিমান্ড আবেদনের শুনানি হয়নি। মামলার অন্য আসামিরা পলাতক। তাঁদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
পূর্বশত্রুতার জেরে গত মঙ্গলবার দুপুরে বুলনপুর ঘোষপাড়া এলাকার হাফিজুল ইসলামের ছেলে রাসেল আলীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।