বিমান আজব প্রতিষ্ঠান কার কাছে দায়বদ্ধ তা অজানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনিয়ম-দুর্নীতি সংক্রান্ত অভিযোগের জবাবদিহি করতে বাংলাদেশ বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামাল উদ্দিন আহমেদকে বিমান ও পর্যটন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে তলব করা হয়েছে। গতকাল রোববার কমিটির এই বৈঠকে জামাল উদ্দিনকে তলব করার সিদ্ধান্ত হয়। এ ছাড়া বিমানের চেয়ারম্যানের বিরুদ্ধে প্রয়োজনে প্রধানমন্ত্রীর দপ্তরে নালিশ করার ব্যাপারেও নীতিগত সিদ্ধান্ত হয়েছে বলে স্থায়ী কমিটির সূত্রে জানা গেছে। সংসদ ভবনে বৈঠক শেষে কমিটির সভাপতি মোশাররফ হোসেন সাংবাদিকদের বলেন, ‘বিমান একটি আজব প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এই প্রতিষ্ঠান এখন কার কাছে দায়বদ্ধ, তা আমাদের অজানা। মন্ত্রণালয়ের কাছেও বিমানের পরিচালনা বোর্ড কোনো জবাবদিহি করে না।’মোশাররফ হোসেন বলেন, গতকালের বৈঠকে ওমানে বাংলাদেশ বিমানের জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) নিয়োগের অনিয়ম নিয়ে আলোচনা হয়েছে। এ সময় বিমানের চেয়ারম্যান অনুপস্থিত থাকায় কমিটির সদস্যরা ক্ষোভ প্রকাশ করেন। এ কারণে বৈঠক মুলতবি করে আগামী বৃহস্পতিবার তা করার এবং সেই বৈঠকে বিমানের চেয়ারম্যানকে তলব করার সিদ্ধান্ত হয়েছে। চেয়ারম্যানকে বলতে হবে, নিরীক্ষা আপত্তি সত্ত্বেও কেন ওমানে ৩২ বছরের পুরোনো বিতর্কিত জিএসএকে আবারও নিয়োগ দেওয়া হলো। মোশাররফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত গতকালের বৈঠকে কমিটির সদস্য বিমানমন্ত্রী ফারুক খান, মঈন উদ্দীন খান, ফরিদুল হক খান, সৈয়দ মহসীন আলী প্রমুখ উপস্থিত ছিলেন।