বিমান ও ওয়াসায় দুদক দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হঠাৎ করেই দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুটি দল গতকাল সোমবার বাংলাদেশ বিমান ও ঢাকা ওয়াসা কার্যালয় পরিদর্শন করেছে। তাঁরা ওই দুই সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে দুর্নীতি দমন ও প্রতিরোধসংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। দুদকের উচ্চ পর্যায়ের একাধিক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, গতকাল সকালে দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে বিমান বাংলাদেশ এয়ারলাইনস-সংক্রান্ত দুদকের প্রাতিষ্ঠানিক দলটি বলাকা কার্যালয়ে যায়। সেখানে বিমানের ব্যবস্থাপনা পরিচালকসহ শীর্ষ কয়েকজন কর্মকর্তার সঙ্গে কথা বলেন দলের সদস্যরা।
সৈয়দ ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, বৈঠকে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি। বিমানে বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি সম্পর্কে সাধারণ মানুষের মধ্যে যে ধারণা রয়েছে সেসব সম্পর্কে আলোচনা হয়েছে। এ ছাড়া কিছু বিষয়ে তথ্যও চাওয়া হয়েছে। বিমানের পক্ষ থেকে তথ্য দিয়ে সহযোগিতা করা হবে বলেও দলকে জানানো হয়েছে।
এদিকে আরেক পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে আরেকটি দল সকালে ওয়াসা কার্যালয়ে গিয়ে এর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে।
গুরুত্বপূর্ণ ২০টি সরকারি প্রতিষ্ঠানের দুর্নীতি প্রতিরোধ ও দমনে সম্প্রতি দুই দফায় ১৯টি প্রাতিষ্ঠানিক দল গঠন করে দুদক। সংস্থার আট পরিচালক এসব দলের নেতৃত্বে রয়েছেন। গঠিত তিন সদস্যের ওই সব দলে একজন করে উপপরিচালক ও সহকারী পরিচালক রয়েছেন। সংস্থার মহাপরিচালক মুনির চৌধুরী এসব দলের সঙ্গে যুক্ত রয়েছেন।