বিমান ওড়ে মাথার কাছ দিয়ে
প্রথমবার নিশ্চিত চমকে যাবেন। মাথার খুব কাছ দিয়ে যাচ্ছে উড়োজাহাজ। নামছে রানওয়েতে। মনে হবে এই বুঝি মাথার ওপর হুড়মুড়িয়ে ভেঙে পড়বে। উড়ন্ত বিমান ছুঁয়ে দেখার ইচ্ছাও জাগতে পারে।
জায়গাটার নাম দলিপাড়া। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের শুরু সেখান থেকে। রাস্তার দুই পাশ কাঁটাতারের বেড়া দিয়ে ঘেরা। সবুজ ঘাসের বুক চিরে ধূসর রানওয়ে। সেখানে ডানা মেলে নামছে উড়োজাহাজ। দলিপাড়ার সড়কের মাত্র ২০ মিটার ওপর দিয়ে উড়ে গিয়ে রানওয়ে স্পর্শ করে বিমানগুলো।
বিমানের এই রোমাঞ্চকর অবতরণ দেখতে প্রতিদিন বিকেলে হাজারো মানুষের সমাগম হচ্ছে দলিপাড়ায়। রাজধানীসহ আশপাশের মানুষ ঘুরতে আসছে। বিমান দেখছে। ছবি তুলছে।
কিছু সময় পরপরই আসছে বিমান। শব্দ শুনলেই প্রস্তুত হচ্ছেন সবাই। মুঠোফোন, ক্যামেরা প্রভৃতি চালু হয়ে যায়। ছোট বাচ্চাদের কোলে বা কাঁধে তুলে ওপরে মেলে ধরেন বড়রা। সবার মুখে হাসির ঝিলিক। বিমান আসছে। কেউবা ছবি তুলছে, কেউবা ভিডিও। বিমান পেছনে রেখে সেলফি তুলছে অনেকে।
দলিপাড়ার রানওয়ের ধারঘেঁষা এই জায়গাটি জনপ্রিয় হয়ে উঠছে দিন দিন। বিকেলে সপরিবার কিংবা বন্ধুবান্ধব নিয়ে বেড়াতে আসছে অনেকে। দেখছে বিমানের ওঠা-নামা। আড্ডা দেয়, ছবি তোলে।
উত্তরা হাইস্কুল ও কলেজের শিক্ষার্থী রাকিব, সিয়াম, নোমান, রিফাত চার বন্ধু এসেছে বিমান নামা দেখতে। সিয়াম বড় হয়ে বিমানচালক হতে চায়। প্রথম আলোকে সে বলে, ‘আমার স্বপ্ন আমি পাইলট হব। এখানে এলে অন্য রকম অনুভূতি হয়। রোমাঞ্চিত হয়ে যাই।’
অন্যদিকে ছোট বাচ্চাদের বায়না মেটাতে রানওয়ে এলাকায় ঘুরতে নিয়ে আসেন অনেক অভিভাবক। স্ত্রী-সন্তানকে নিয়ে বেড়াতে আসা ফজলুর রহমান বলেন, ‘আমার ছোট ছেলেটির আগ্রহের কারণেই এখানে আসি। কাছে থেকে সে বিমান দেখে, আনন্দ পায়।’
বিমান ওঠা-নামার দৃশ্য দেখার পাশাপাশি এখানে দেখা মেলে সারিবদ্ধ দাঁড়িয়ে থাকা বিভিন্ন দেশের বড় বড় উড়োজাহাজ। সৌদি এয়ারলাইনস, কাতার এয়ারলাইনস, এমিরেটস, ইন্দোনেশিয়া, আরও কত-কী। জামাল নামের একজন বলেন, ‘বিনা পয়সায় বিমান দেখা যায়। ভালো লাগে। বিমান অবতরণের পাশাপাশি উড্ডয়ন দেখা যায় কলাপাড়ার সড়কে।’
রানওয়ের পাশেই গড়ে উঠেছে রেস্তোরাঁ। আড্ডা দিয়ে, গল্প করে খাবার খেতে খেতে বিমানের অবতরণ দেখার সুযোগ মেলে। তা ছাড়া রাস্তায় বাদাম, ফুচকা, ঝালমুড়ি প্রভৃতি মুখরোচক খাবারের ফেরিওয়ালা।
বাউনিয়া মাতবর বাড়ির বাসিন্দা ঝালমুড়ি বিক্রেতা রনি মিয়া জানান, প্রতিদিন বিকেলে অনেক মানুষের সমাগম হয়। শুক্রবার ও অন্যান্য ছুটির দিনে অনেক লোক আসে। ওই দিনগুলোতে সারা দিনই মানুষের ভিড় থাকে।
বিমান দেখতে দেখতেই সন্ধ্যা ঘনিয়ে আসে। রানওয়েতে আলো জ্বলে ওঠে। তখন একে একে বাড়ির পথে পা বাড়ায় উৎসুক লোকজন।