বিমান কর্মচারীর কারাদণ্ড
চুরির দায়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের এক নিরাপত্তারক্ষীকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার সন্ধ্যায় বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ ইউসুফ এই সাজা দেন। পাশাপাশি ওই নিরাপত্তারক্ষীর চাকরির বিষয়ে বিধি অনুযায়ী ব্যবস্থা নিতেও বিমান কর্তৃপক্ষকে চিঠি দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
কারাদণ্ড পাওয়া এই নিরাপত্তারক্ষীর নাম সাদ্দাম হোসাইন। তিনি বিমানবন্দরের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখা থেকে ট্যাব ও মুঠোফোন চুরির সময় হাতেনাতে ধরা পড়েন।
বিমানবন্দর সূত্রে জানা যায়, বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ডে রক্ষিত মালামাল পাহারার দায়িত্বে ছিলেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের নিরাপত্তারক্ষী সাদ্দাম হোসাইন। বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্য সাজেদুর রহমান সিসি ক্যামেরায় দেখতে পান সাদ্দাম সেই মালামাল থেকে চুরি করছেন। তিনি দ্রুত গিয়ে চোরাই মালসহ সাদ্দামকে আটক করেন। এরপর তাঁকে বিমানবন্দর এলাকায় দায়িত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে পাঠানো হয়।