বিমান কার্যালয় ঘেরাও করে কর্মীদের বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৪ দফা দাবিদাওয়া নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রধান কার্যালয় ঘেরাও করে আড়াই ঘণ্টা বিক্ষোভ করেছেন প্রতিষ্ঠানটির শ্রমিক-কর্মচারীরা।

গতকাল সোমবার বেলা ১১টা থেকে দেড়টা পর্যন্ত শ্রমিক-কর্মচারীদের নির্বাচিত ইউনিয়ন (সিবিএ) বিমান শ্রমিক লীগের ডাকে এই ঘেরাও কর্মসূচি পালিত হয়।

দাবি মানা না হলে আগামী বৃহস্পতিবার বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদের কার্যালয় ঘেরাও করা হবে বলে ঘোষণা দিয়েছেন বিমান শ্রমিক লীগের (সিবিএ) সভাপতি মশিকুর রহমান। তিনি প্রথম আলোকে বলেন, দাবি ​আদায় না হওয়া পর্যন্ত তাঁদের আন্দোলন অব্যাহত থাকবে।

বিমানের জন্য আধুনিক ও বাস্তবসম্মত জনবলকাঠামো তৈরি ও বাস্তবায়ন, বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডেলিং কার্যক্রম রক্ষায় অতি সত্বর প্রয়োজনীয় জনবল নিয়োগ, সব শাখার কর্মকর্তা-কর্মচারীদের কর্মক্ষেত্রের পোশাকের (ইউনিফর্ম) ভাতা চালু, পাঁচ বছরের বেশি কর্মরত সব অস্থায়ী কর্মচারীর চাকরি স্থায়ীকরণ, অন্যান্য শাখার মতো বিএফসিসির কর্মচারীদের ভবিষ্য​ তহবিলব্যবস্থা চালু, পরিপূর্ণ চিকিৎ​সা-সুবিধা, গোষ্ঠী বিমার ব্যবস্থা করাসহ ১৩ দফা দাবিতে গত ২৫ জুন থেকে আন্দোলনে নামেন কর্মীরা। ওই দিন ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবন ঘেরাও করেন কর্মীরা। 

বিমানের কর্মীরা গত বছরের জানুয়ারিতে বিভিন্ন দাবিতে কর্মবিরতি, ধর্মঘটসহ না কর্মসূচি পালন করেছিলেন। এক পর্যায়ে দাবি মেনে নেওয়ার বিষয়ে তৎকালীন বিমানমন্ত্রী ফারুক খান আশ্বাস দিলে কর্মসূচি বন্ধ হয়। ওই প্রেক্ষাপটেই সম্প্রতি বিমানের পরিচালনা পর্ষদ সভায় এসব দাবি উত্থাপিত হলেও তা পাস হয়নি।