বিমান গত অর্থবছরে ৮০ কোটি টাকা লোকসান দিয়েছে
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী জি এম কাদের বলেছেন, গত ২০০৯-১০ অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ৮০ কোটি টাকা লোকসান দিয়েছে। এসব ক্ষতির কারণ সম্পর্কে বিমান কর্তৃপক্ষের ব্যাখ্যা গ্রহণযোগ্য নয় বলে মনে করেছে মন্ত্রণালয়। এ জন্য ক্ষতির কারণগুলো বিমানের পর্যালোচনা পরিষদে উপস্থাপন করে আবার মতামত দিতে বলা হয়েছে।জাতীয় সংসদে গতকাল মঙ্গলবার মোশতাক আহমেদ রুহীর প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন। প্রশ্নোত্তর পর্বের আগে বিকেল সোয়া পাঁচটায় ডেপুটি স্পিকার শওকত আলীর সভাপতিত্বে অধিবেশন শুরু হয়।এম আবদুল লতিফের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ইউরো আটলান্টিকা থেকে নেওয়া উড়োজাহাজের মেয়াদ শেষ হওয়ায় গত ৩ ফেব্রুয়ারি ঢাকা-লন্ডন-ঢাকা সরাসরি ফ্লাইট চলাচল বন্ধ হয়ে গেছে। বর্তমানে ঢাকা-লন্ডন-ঢাকা রুটে সরাসরি ফ্লাইট পরিচালনার জন্য উপযুক্ত উড়োজাহাজ লিজের মাধ্যমে সংগ্রহের বিষয়টি প্রক্রিয়াধীন। চলতি বছরের নভেম্বরের মধ্যে দুটি উড়োজাহাজ বিমানবহরে যুক্ত হবে।অপু উকিলের এক প্রশ্নের জবাবে বিমানমন্ত্রী বলেন, চলতি অর্থবছরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পক্ষ থেকে কোনো নতুন উড়োজাহাজ কেনার পরিকল্পনা নেই। তবে ২০০৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্রের বোয়িং কোম্পানির কাছ থেকে নতুন প্রজন্মের ১০টি উড়োজাহাজ কেনার চুক্তি হয়। জাতীয় পার্টির নূর-ই-হাসনা লিলি চৌধুরীর প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে বাংলাদেশ বিমানের মোট নয়টি উড়োজাহাজ আন্তর্জাতিক রুটে চলাচল করছে।বীর মহিলা মুক্তিযোদ্ধা ১৬২ জন: আমিনা আহমেদের প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম জানান, বর্তমানে গেজেট অনুযায়ী তালিকাভুক্ত বীর মহিলা মুক্তিযোদ্ধা ১৬২ জন। হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে তিনি জানান, বর্তমানে গেজেট অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা দুই লাখ ১৭০ জন। তাঁদের মধ্যে দেড় লাখ মুক্তিযোদ্ধাকে সম্মানী ভাতার আওতায় আনা হয়েছে। ভাতা পাওয়া কোনো মুক্তিযোদ্ধা মারা গেলে ওই ভাতা তাঁর স্ত্রী/সন্তানদের দেওয়া হয়।এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী জানান, বীরাঙ্গনা নারীদের তালিকা সংরক্ষণ করা হয়নি। সুকুমার রঞ্জন ঘোষের প্রশ্নের জবাবে তিনি জানান, দেশের সাতজন বীরশ্রেষ্ঠ মুক্তিযোদ্ধার সমাধিস্থল এক জায়গায় করার পরিকল্পনা সরকারের নেই।অপর এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, ৮০৬ কোটি টাকা ব্যয়ে প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স করা হবে। আগামী তিন বছরের মধ্যে এ কাজ শেষ হবে।খাসজমি প্রায় ১৭ লাখ একর: আবদুল মোমিন তালুকদারের লিখিত প্রশ্নের জবাবে ভূমিমন্ত্রী রেজাউল করিম হীরা জানান, মাঠ প্রশাসন থেকে সংগৃহীত প্রতিবেদন অনুসারে গত বছরের ডিসেম্বর পর্যন্ত দেশে মোট খাসজমির পরিমাণ ১৬ লাখ ৮৬ হাজার ৯৫৭ একর। এর মধ্যে কৃষি খাসজমির পরিমাণ ১০ লাখ ৬০ হাজার ২৫০ দশমিক ৭৮ একর ও অকৃষি খাসজমির পরিমাণ ছয় লাখ ২৬ হাজার ৭০৬ একর।সুন্দরবনে কার্বন: সাধনা হালদারের প্রশ্নের জবাবে পরিবেশ ও বন প্রতিমন্ত্রী হাছান মাহমুদ বলেন, সুন্দরবনে ১০৫ দশমিক ছয় মিলিয়ন টন কার্বন পাওয়া গেছে। সুন্দরবনের গাছ, লতা, গুল্ম্রও জৈব উপাদানে কার্বনের সমীক্ষা চালানো হয়েছে। এ কার্বনের বিপরীতে জাতিসংঘ ও বহুজাতিক কোম্পানির কার্বন তহবিল থেকে টাকা পাওয়ার বিষয়ে কোনো নীতিমালা এখনো চূড়ান্ত হয়নি।্রতাই কার্বনের পরিমাণের বিপরীতে সম্ভাব্য অর্থপ্রাপ্তির পরিমাণ আপাতত নির্ণয় করা সম্ভব হচ্ছে না।