বিমান চলাচলে ফ্রিকোয়েন্সি: নীতিমালা অনুসরণ কেন নয় হাইকোর্টের রুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশি বিভিন্ন এয়ারলাইনসের আন্তর্জাতিক রুটে বিমান পরিচালনার জন্য ফ্রিকোয়েন্সি বণ্টন সংক্রান্ত নীতিমালা অনুসরণের কেন নির্দেশ দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল দিয়েছেন হাইকোর্ট।

বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে আজ বুধবার এ রুল দেন।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটন সচিব এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যানকে দুই সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

জনস্বার্থে বাংলাদেশ ট্রাভেলার্স ফোরামের সাধারণ সম্পাদক আবু তাহের মিয়া গত মঙ্গলবার রিটটি করেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন শাহ মো. ইজাজ রহমান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।

পরে আইনজীবী শাহ মো. ইজাজ রহমান পরে প্রথম আলোকে বলেন, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বিভিন্ন এয়ারলাইনসকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের জন্য ফ্রিকোয়েন্সি বরাদ্দ করে থাকে। ২০১৪ সালে ফ্রিকোয়েন্সি বণ্টন সংক্রান্ত একটি নীতিমালা করে মন্ত্রণালয়। অথচ দেখা যাচ্ছে বিভিন্ন এয়ারলাইনস বরাদ্দ নেওয়া ফ্রিকোয়েন্সি অনেক দিন যাবৎ ব্যবহার করছে না। এতে সরকার রাজস্ব হারাচ্ছে ও জনগন অধিক মূল্যে টিকিট ক্রয় করে বিদেশি এয়ারলাইনসের মাধ্যমে চলাচল করেছে। নিয়ম হচ্ছে এক বছর ফ্রিকোয়ন্সি ব্যবহার না করলে তা বাতিল হয়ে যাবে অন্তত দুই বছরের জন্য। তবে তা অনুসরণ করা হচ্ছে না এসব যুক্তিতে রিটটি করা হলে আদালত রুল দেন।