বিমান চেয়ারম্যানের জবাব প্রধানমন্ত্রীকে জানাবেন মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মন্ত্রণালয়ের কারণ দর্শানোর নোটিশের জবাবে মন্ত্রী ও সচিবের মধ্যে বিরোধ রয়েছে বলে দাবি করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান জামাল উদ্দিন। তিনি প্রকারান্তরে বিমান নিয়ে অপপ্রচার চালানোর অভিযোগ তুলেছেন মন্ত্রী জি এম কাদেরের বিরুদ্ধে।মন্ত্রণালয়ের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, বিমানের চেয়ারম্যানের এই জবাবকে ‘ঔদ্ধত্যপূর্ণ’ বলে মনে করছেন তাঁরা।গত রোববার বিমানের চেয়ারম্যানের লিখিত জবাব মন্ত্রণালয়ে পৌঁছায়। এ ব্যাপারে জানতে চাইলে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী জি এম কাদের গত রাতে প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে তাঁকে জানানো হয়েছে যে বিমানের চেয়ারম্যান জবাব পাঠিয়েছেন। এর মধ্যে তিনি রংপুরে ছিলেন, গতকাল ঢাকায় এসেছেন। তিনি বলেন, চিঠিটি পড়ার পর তিনি এ ব্যাপারে প্রধানমন্ত্রীকে তাঁর বক্তব্য জানাবেন। মন্ত্রণালয় ও মন্ত্রীর বিরুদ্ধে সংবাদমাধ্যমে অশোভন এবং অসত্য বক্তব্য দেওয়ার অভিযোগ তুলে বিমানের চেয়ারম্যান জামাল উদ্দিনকে গত ২৪ আগস্ট কারণ দর্শানোর নোটিশ করে মন্ত্রণালয়।অতিরিক্ত সচিবের সই করা ওই নোটিশে ১৮ আগস্ট সংবাদ সম্মেলনে মন্ত্রী ও মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে অশোভন, অসত্য ও মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুণ্ন করে অবমাননাকর বক্তব্য দেওয়ার কারণ জানতে চাওয়া হয়।বিমানের চেয়ারম্যান এ নোটিশের লিখিত জবাবে দাবি করেন, ওই দিন সংবাদ সম্মেলনে তাঁর দেওয়া প্রতিটি কথা সঠিক ও যৌক্তিক। তিনি বলেন, তিনি খুব সংশয়ের সঙ্গে লক্ষ করেছেন যে কয়েক মাস ধরে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিমানের কর্মকর্তা-কর্মচারীদের দক্ষতা এবং সততাকে প্রশ্নবিদ্ধ করে পত্রিকায় ও সম্প্রচারমাধ্যমে বক্তব্য এবং বিবৃতি দেওয়া হচ্ছে। এমনকি বিমান পরিচালনা পর্ষদের সদস্যরা ব্যক্তিগতভাবে ওই অপপ্রচারের শিকার হয়েছেন। সর্বশেষ গত ১৮ জুলাই ডিসিসিআইয়ের আলোচনা সভায় বিমান পরিচালনা পর্ষদ সম্পর্কে মন্ত্রীর কিছু বক্তব্য বিমান বোর্ডের সদস্যদের সংক্ষুব্ধ করে তোলে। ২৫ জুলাই এক চিঠিতে বিষয়টি মন্ত্রীর মনোযোগে আনার চেষ্টা করা হয়। কিন্তু অবস্থা উন্নতির বদলে বরং কয়েক সপ্তাহে সামগ্রিকভাবে অবনতি হয়েছে। বিমানের কর্মকর্তা-কর্মচারী ও বোর্ড সম্পর্কে বিভিন্ন সময় প্রচারমাধ্যমে খোলাখুলিভাবে আক্রমণাত্মক ও নেতিবাচক বক্তব্য পরিবেশন করা হয়েছে।জামাল উদ্দিন চিঠিতে আরও বলেন, ‘সচিব ও মন্ত্রী মহোদয়ের মাঝে দূরত্বের বিষয়টি মিডিয়ার মাধ্যমে সর্বজনবিদিত। ...মন্ত্রণালয়ের সচিব বিমান বোর্ডের সদস্য হওয়া সত্ত্বেও বোর্ডের সঙ্গে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দূরত্ব সৃষ্টি হওয়ার কারণ হিসেবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাধারণভাবে বিষয়টি উত্থাপিত হয়েছে।’ এ ছাড়া মন্ত্রী ও সচিবের বিরুদ্ধে বক্তব্য দিয়ে তিনি শৃঙ্খলাভঙ্গ বা সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার মতো কিছু করেননি বলে বিমানের চেয়ারম্যান দাবি করেন।যোগাযোগ করা হলে বিমানমন্ত্রী জি এম কাদের প্রথম আলোকে বলেন, ‘আমি কখনো বিমানের কাউকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে কিছু বলিনি। বিমানে স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠা হোক, সেটা আমরা সব সময় চেয়েছি। প্রতিষ্ঠানটিতে এর অভাব রয়েছে, এটা জনগণই অভিযোগ করে। কিন্তু তাঁরা আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করে অসত্য-অশোভন বক্তব্য দিচ্ছেন।’