বিমান থেকে উদ্ধার করা পাখিগুলো সাফারি পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানে পাচারের সময় বিমান থেকে উদ্ধার করা সহস্রাধিক পাখির মধ্যে বেঁচে আছে আর মাত্র ৪৯০টি। এর মধ্যে ১৯০টি ময়না এবং ৩০০টি লাভবার্ড। পাখিগুলোকে কক্সবাজার বঙ্গবন্ধু সাফারি পার্কে পাঠানো হয়েছে।গত শুক্রবার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের একটি বিমান থেকে পাকিস্তানে পাচারকালে চারটি ঝুড়িভর্তি তিন প্রজাতির সহস্রাধিক পাখি উদ্ধার করে বিমানবন্দর শুল্ক কর্তৃপক্ষ।পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। শুক্রবার রাতেই বন বিভাগ কক্সবাজারের বঙ্গবন্ধু সাফারি পার্কে পাখিগুলোকে স্থানান্তর করে। সেখানে পাখিগুলোকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বন বিভাগের বন্য প্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ সূত্রে জানা গেছে, অসুস্থতায় অনেক পাখি মারা গেছে। বেঁচে থাকা পাখিগুলো সুস্থ হয়ে উঠলে বনে ছেড়ে দেওয়া হবে।বন বিভাগের দাবি, দেশে বন্য প্রাণী পাচারকারীরা আন্তর্জাতিক পাখি পাচারকারীদের সঙ্গে যুক্ত হয়ে পার্বত্য চট্টগ্রামের বনাঞ্চল থেকে বিরল প্রজাতির পাহাড়ি ময়নাকে বড় বড় গাছের কুটরি থেকে বাচ্চা অবস্থায় সংগ্রহ করে। এদিকে পাখি পাচারে সঙ্গে জড়িত আটক পাকিস্তানি নাগরিক আহম্মেদ শেখ ওয়াহিদ নামে বিমানবন্দর থানায় ১৯৭৪ সালের বন্য প্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। এই আইনে শাস্তি ন্যূনতম ছয় মাসের জেল ও সর্বনিম্ন দুই হাজার টাকা জরিমানা। পরিবেশকর্মীরা বলেছেন, অপরাধের তুলনায় শাস্তি একেবারেই দুর্বল। তাঁরা এই আইন সংশোধনের দাবি করেছেন।