বিমান থেকে তিন প্রজাতির বিপুলসংখ্যক পাখি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পাকিস্তানের উদ্দেশ্যে উড়াল দেওয়ার প্রস্তুতি নিচ্ছে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) একটি বিমান। এমন সময় গোপন সূত্রে বিমানবন্দরের শুল্ক কর্মকর্তারা খবর পেলেন এই বিমানে করেই বাংলাদেশ থেকে বিপুলসংখ্যক পাখি অবৈধভাবে পাচার করা হচ্ছে পাকিস্তানে। সময়—গতকাল শুক্রবার বেলা দুইটা।কাস্টম ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের সুপারিনটেনডেন্ট শামসুদ্দিন মোল্লার নেতৃত্বে সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তারা ছুটে গেলেন সেখানে। ততক্ষণে সব যাত্রী বিমানে উঠে যার যার আসনে বসে গেছেন। বিমানবন্দর কর্তৃপক্ষকে পাখির বিষয়টি জানালেন শুল্ক কর্মকর্তারা। পরখ করে দেখতে বললেন বিমানের মালামালা রাখার জায়গাটি। অতএব শুরু হলো সেই মোতাবেক খুঁজে দেখার কাজ।দেখা গেল গোপন সংবাদ সঠিক। বিমানের পেছনে মালামাল রাখার জায়গায় পাওয়া গেল বিশেষ ধরনের চারটি ঝুড়ি। এই ঝুড়িগুলোতে করেই বাংলাদেশ থেকে পাচার হচ্ছিল সহস্রাধিক পাখি। পাখি উদ্ধারের সঙ্গে আটক করা হয়েছে এক পাকিস্তানি নাগরিককেও। আটক ব্যক্তির নাম আহম্মেদ শেখ ওয়াহিদ।উদ্ধার করা পাখির মধ্যে ছিল ময়না, টিয়া ও লাভবার্ড। বিমানবন্দরে রোদ, গরম আর খাদ্যের অভাবে অনেক পাখি ততক্ষণে মারা গেছে। জীবিত ছিল ৪০০টি ময়না ও ৬০০টি লাভবার্ড। কিন্তু কীভাবে সবার চোখ এড়িয়ে চার ঝুড়ি ভর্তি এত পাখি বিমানে তোলা হলো—দেখা দিয়েছে এই প্রশ্ন। কাস্টম ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের সুপারিনটেনডেন্ট শামসুদ্দিন মোল্লা বলেন, ‘কীভাবে এই পাখিভরা ঝুড়িগুলো বিমানে উঠল, তা এখনো নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। গোপন সংবাদের ভিত্তিতে বিমানে তল্লাশি চালিয়ে পাকিস্তানি এক নাগরিকসহ পাখিগুলো উদ্ধার করা হয়।’আটক আহম্মেদ শেখ ওয়ালিদ প্রথম আলোকে জানান, তিনি তাঁর বন্ধু পাকিস্তানি নাগরিক মোহাম্মদ ফারুকের অনুরোধে পাখিগুলো ঢাকা থেকে পাকিস্তানে নিয়ে যাচ্ছিলেন। তিনি নিজে পাচারের সঙ্গে জড়িত নন। ওই বন্ধুই বিমানে পাখির ঝুড়ি তোলার ব্যবস্থা করেছেন এবং বিমানে ঝুড়ি তোলা পর্যন্ত বিমানবন্দরে ছিলেন।এই বিষয়ে শামসুদ্দিন মোল্লা বলেন, ‘পাকিস্তানি নাগরিক ফারুক দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পাখি পাচারের সঙ্গে জড়িত। তিনিই আহম্মেদকে দিয়ে এই পাখি পাকিস্তানে পাচারের চেষ্টা করেছে।’অন্য একজনের অনুরোধে অবৈধভাবে পাখি পাচার করছেন কেন জানাতে চাইলে আহম্মেদ বলেন, ‘পাকিস্তানে পাখি আনা-নেওয়া এবং বিক্রি অবাধ, কিন্তু বাংলাদেশে এই বিষয়ে এত কড়া আইন তা জানা ছিল না।’পাখি পাচারের এ ঘটনায় আহম্মেদ শেখ ওয়ালিদকে আসামি করে ১৯৭৪ সালের বন্য প্রাণী আইনের ২৬ ধারায় এবং শুল্ক-সংক্রান্ত রপ্তানি নীতিমালা আইনে মামলা করা হয়েছে।উদ্ধার করা পাখিগুলো বন বিভাগের কাছে হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশনের প্রধান নিরাপত্তা কর্মকর্তা নুরুল ইসলাম, মাহমুদা আক্তার, কাস্টম ইন্টেলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশনের সুপারিনটেনডেন্ট শামসুদ্দিন মোল্লা, বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা ফজলুল হক।