বিমানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
বিমান নিরাপত্তায় বাংলাদেশকে সমর্থন জানাবে যুক্তরাষ্ট্র
বিমান পরিবহন নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত সমর্থন দেবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। একই সঙ্গে তিনি বিদেশিদের সার্বিক নিরাপত্তা জোরদারে বাংলাদেশ সরকার যে পদক্ষেপ নিয়েছে তার জন্য সরকারকে সাধুবাদ জানিয়েছেন।
যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত গতকাল মঙ্গলবার সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেননের সঙ্গে সাক্ষাৎ করে এসব কথা বলেন। মার্কিন দূতাবাসের সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়।
বৈঠকে রাষ্ট্রদূত বার্নিকাট বলেন, ‘বিশ্বের অন্য অনেক দেশের মতো বাংলাদেশ ও যুক্তরাষ্ট্র কীভাবে সহিংস চরমপন্থা চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে বিষয়ে আলোচনা করেছেন।’ তিনি বলেন, স্থিতিশীল পরিবেশে উন্নত ভবিষ্যৎ ও উল্লেখযোগ্য অর্থনৈতিক প্রবৃদ্ধির দিকে বাংলাদেশের যাত্রায় যুক্তরাষ্ট্র দেশটির প্রতি সহযোগিতা অব্যাহত রাখবে।
এ বৈঠকের বিষয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতেও বিমান পরিবহন নিরাপত্তা জোরদারে বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র অব্যাহত সমর্থন দেওয়ার আশ্বাসের কথা উল্লেখ করা হয়। তাতে বলা হয়, বৈঠকে বিমানমন্ত্রী রাশেদ খান মেনন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকে ক্যাটাগরি-১ মর্যাদা দেওয়ার প্রসঙ্গ উত্থাপন করে জানান, এ লক্ষ্যে প্রয়োজনীয় আইন প্রণয়ন ও জনবল পূরণের লক্ষ্যে মন্ত্রণালয় কাজ করছে। রাষ্ট্রদূত পরবর্তী টিকফা বৈঠকে প্রস্তাবটি উত্থাপন করা হবে বলে জানান।
মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে বিমানমন্ত্রী বলেছেন, সরকার সব সময় নাগরিকদের নিরাপত্তা, শান্তি ও স্বস্তি দিতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করতে আগ্রহী। কিন্তু দেশের বিরোধী দলগুলো গত বছর ও চলতি বছর দেশব্যাপী নজিরবিহীন তাণ্ডব চালালেও যুক্তরাষ্ট্র সে সময় তার নাগরিকদের জন্য বাংলাদেশ ভ্রমণে ‘ট্র্যাভেল অ্যাডভাইজরি’ জারি করেনি। ‘ট্র্যাভেল অ্যাডভাইজরি’ দেওয়া হয়েছিল শুধু ২০০৫ সালের ৫ জানুয়ারি। অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচনের দিন। অথচ এখন দু-একটি বিচ্ছিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে প্রতিনিয়ত ‘রেড অ্যালার্ট’ জারি করা হচ্ছে।