ভারতের নয়াদিল্লিতে ট্রানজিটের সময় এক যাত্রীর এলসিডি টেলিভিশন খোয়া যাওয়ার ঘটনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে ৪১ হাজার রুপি জরিমানা করা হয়েছে। দ্য নিউ দিল্লি ডিস্ট্রিক্ট কনজিউমার ডিসপিউটস রিড্রেসাল ফোরাম গতকাল শুক্রবার এই জরিমানা করে।পিটিআইয়ের এক খবরে বলা হয়, ২০১০ সালের ২ মের ঘটনা। দিল্লির তিলক নগরের বাসিন্দা কিরপাল সিং ব্যাংকক থেকে একটি এলসিডি টেলিভিশন নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে নয়াদিল্লি ফিরছিলেন। বিমানবন্দরে নামার পর তিনি জানতে পারেন, তাঁর টেলিভিশন পৌঁছায়নি। পরে বিমান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে তিনি জানতে পারেন, টেলিভিশনটি হারিয়ে গেছে। এ জন্য তিনি ক্ষতিপূরণ দাবি করেন। তবে কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেয়নি। পরে তিনি ফোরামের কাছে অভিযোগ দেন। কিরপালের অভিযোগের পরিপ্রেক্ষিতে ফোরাম বিমান কর্তৃপক্ষকে টেলিভিশনের মূল্য ৩১ হাজার রুপি এবং কিরপালকে হয়রানি করায় আরও ১০ হাজার রুপি পরিশোধের নির্দেশ দেয়। পিটিআই অনলাইন।