বিমান বাহিনীর জন্য যুক্তরাষ্ট্রের তৈরি পরিবহন বিমান এল ঢাকায়
বাংলাদেশ বিমানবাহিনীর জন্য যুক্তরাষ্ট্রে তৈরি সি-১৩০জে পরিবহন বিমান ঢাকায় পৌঁছেছে। বাংলাদেশ বিমানবাহিনীর গ্রুপ ক্যাপ্টেন জি এম শামীম রেজার নেতৃত্বে বিমানটি যুক্তরাজ্য থেকে ঢাকায় উড়িয়ে আনা হয়।
আজ রোববার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, ঐতিহ্য অনুযায়ী রাজধানীর কুর্মিটোলায় বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধুতে সি-১৩০জে বিমানটিকে অভ্যর্থনা জানানো হয়। এ সময় বিমানবাহিনীর প্রধান (পরিচালন) এয়ার ভাইস মার্শাল মো. শফিকুল আলম এবং বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সি-১৩০জে পরিবহন বিমানটি যুক্তরাষ্ট্রে তৈরি। যুক্তরাজ্যের রয়্যাল এয়ারফোর্সের সঙ্গে বাংলাদেশ বিমানবাহিনী এমন পাঁচটি বিমান সরাসরি কেনার চুক্তি করেছে। রক্ষণাবেক্ষণের জন্য চুক্তি করা হয়েছে মার্শাল এরোস্পেস অ্যান্ড ডিফেন্স গ্রুপের সঙ্গে। এই চুক্তির আওতায় সি-১৩০জে বিমানবাহিনীতে সংযোজনের কার্যক্রম চলছে।
কুর্মিটোলায় অবতরণের আগে সি-১৩০জে বিমানটি নিয়ে মিসরের কায়রো ও ওমানের মাসকাটে যাত্রাবিরতি করে। এ সময় বিমানবাহিনীর ওভারসিস এয়ার অপারেশনস পরিদপ্তর অন্যান্য কার্যক্রম পরিচালনা করে।
সি-১৩০জে পরিবহন বিমান অত্যাধুনিক এভিওনিক্স ও উন্নত প্রযুক্তিসম্পন্ন পরিবহন বিমান। বিমানটি উড়োজাহাজ ও সেনা পরিবহনসহ দেশে-বিদেশে মানবিক সহায়তা কার্যক্রম এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ব্যবহৃত হবে। এই নিয়ে পাঁচটি বিমানের চারটি যুক্তরাজ্য থেকে বাংলাদেশে পৌঁছাল। অবশিষ্ট বিমানটি এ বছরই দেশে নিয়ে আসার পরিকল্পনা করেছে বাংলাদেশ বিমানবাহিনী।
বাংলাদেশ বিমানবাহিনীতে সি-১৩০জের অন্তর্ভুক্তি বিশ্বের যেকোনো স্থানে পৌঁছানো ও পরিচালনায় বিমানবাহিনীর সক্ষমতাকে বহুলাংশে বৃদ্ধি করবে। রোববারের অভ্যর্থনা অনুষ্ঠানে বিমানবাহিনীর ঘাঁটি বঙ্গবন্ধু ও বাশারের এয়ার অধিনায়ক এবং উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।