বিমান বাহিনীর শান্তিকালীন বীরত্ব পদক পেলেন ১৭ জন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ বিমানবাহিনীতে বীরত্বপূর্ণ ও গৌরবোজ্জ্বল কাজের স্বীকৃতিস্বরূপ প্রথমবারের মতো শান্তিকালীন পদক পেয়েছেন ১৫ জন অফিসার ও দুজন বিমানসেনা।

সশস্ত্র বাহিনীর সদস্যদের মনোবল বাড়ানো ও প্রশংসনীয় কাজে উত্সাহ দেওয়ার লক্ষ্যে রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ পদক দেওয়া হয়েছে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে জানানো হয়।

বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী আজ বৃহস্পতিবার বিমান সদরে আনুষ্ঠানিকভাবে বিমানবাহিনীর ১৭ জন সদস্যের হাতে পদক তুলে দেন।

 ‘বিশিষ্ট সেবা পদক’ ক্যাটাগরিতে পদক পেয়েছেন পাঁচজন। তাঁরা হলেন এয়ার ভাইস মার্শাল মাজহারুল ইসলাম, এয়ার কমোডর আবদুল হোসেন (অব.), এয়ার কমোডর কাজী নজরুল হক, এয়ার কমোডর এ কে এম রফিক উদ্দিন ও গ্রুপ ক্যাপ্টেন মোহাম্মদ ইউনুছ চৌধুরী (অব.)। এই পাঁচ কর্মকর্তা বিমানবাহিনী কিংবা দেশ ও জাতির জন্য বিশেষ অবদান অথবা সংকটপূর্ণ পরিস্থিতি নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ভূমিকা পালন ও আত্মনিয়োগ অথবা দেশের স্বার্থে প্রশংসনীয় উদ্যোগ গ্রহণ করেছেন।

‘গৌরবোজ্জ্বল উড্ডয়ন পদক’ ক্যাটাগরিতে পদক পেয়েছেন এয়ার ভাইস মার্শাল এম সানাউল হক, এয়ার কমোডর এহসানুল গণি চৌধুরী এবং গ্রুপ ক্যাপ্টেন শওকত আলী। বিমানবাহিনীর পাইলট দেশের ভেতরে এবং জাতিসংঘ মিশনে থাকা অবস্থায় বিমান উড্ডয়নের ক্ষেত্রে বিশেষ সাহসিকতা, দক্ষতা, ঝুঁকিপূর্ণ ও সমস্যাসংকুল পরিস্থিতি মোকাবিলা এবং অসামান্য অবদানের জন্য তাঁদের এ পদক দেওয়া হয়।

‘বিমান উত্কর্ষ পদক’ ক্যাটাগরিতে এয়ার কমোডর মফিদুর রহমান, গ্রুপ ক্যাপ্টেন মো. বেলাল, গ্রুপ ক্যাপ্টেন মো. আতিয়ার রহমান এবং মাস্টার ওয়ারেন্ট অফিসার মো. মুসলিম উদ্দিন আহমেদ পদক পেয়েছেন। চাকরি জীবনে দেশ ও বিদেশে দৃষ্টান্তমূলক আচরণ, দক্ষতা ও দৃঢ়তা দিয়ে নিজেকে সহযোগীদের চেয়ে আলাদাভাবে উপস্থাপনসহ উল্লেখযোগ্য অবদান, ঝুঁকিপূর্ণ পরিস্থিতি মোকাবিলা এবং মৌলিক উদ্ভাবনী কাজে বিশেষ কৃতিত্বের জন্য তাঁরা এ পদক পেয়েছেন।

‘বিমান পারদর্শিতা পদক’ ক্যাটাগরিতে চারজন কর্মকর্তা ও একজন বিমানসেনা মেধা ও বুদ্ধি প্রয়োগ করে বিমানবাহিনী তথা দেশের উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা রাখা, উন্নয়মূলক গবেষণাধর্মী রচনা জাতীয় বা আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ অথবা বিমানবাহিনীর অনুশীলনে বিশেষ কৃতিত্বের স্বাক্ষর রাখার জন্য এ পদক লাভ করেন। বিমান পারদর্শিতা পদক পেয়েছেন গ্রুপ ক্যাপ্টেন মো. শরীফ উদ্দিন সরকার, উইং কমান্ডার মো. তৌহিদুল ইসলাম, উইং কমান্ডার রাহিম মাহমুদ, স্কোয়াড্রন লিডার মো. সহিদুল ইসলাম এবং ওয়ারেন্ট অফিসার এম হুমায়ুন কবির।