বিমান মন্ত্রণালয়ের ব্যাখ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সিদ্ধান্তহীনতার কারণে দরপত্র ছাড়াই কাজ, ব্রিটিশ প্রতিষ্ঠানের সঙ্গে বিমানবন্দর কর্তৃপক্ষের চুক্তি সই’ শিরোনামে গতকাল মঙ্গলবার প্রথম আলোয় প্রকাশিত খবরের ব্যাখ্যা দিয়েছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এতে বলা হয়, মন্ত্রণালয় মনে করে ওই খবরে জনমনে অনাকাঙ্ক্ষিত বিভ্রান্তি সৃষ্টি করবে।
ব্যাখ্যায় বলা হয়, সরকারি ক্রয় আইন ২০০৬-এর ৬৮ ধারা মেনে অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি ও সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন নিয়ে এ চুক্তি করা হয়। এ বিধান অনুসারে জরুরি রাষ্ট্রীয় প্রয়োজনে সরাসির সেবা ক্রয় করা যেতে পারে। তারপরও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এ কাজের জন্য চারটি কোম্পানির সঙ্গে যোগাযোগ করে। আলোচনা এবং যাচাই-বাছাইয়ের মধ্য দিয়েই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
প্রকাশিত প্রতিবেদনে ২০০৭ ও ২০০৯ সালের যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টের কিছু বক্তব্যের কথা উল্লেখ করা হয়েছে, যা এ ক্ষেত্রে প্রাসঙ্গিক নয় বলে মনে করে মন্ত্রণালয়। ব্যাখ্যায় বলা হয়, গত বছরের অক্টোবরে মিসরের আকাশে বোমা বিস্ফোরণে একটি রাশিয়ান বিমান বিধ্বস্ত হলে সারা বিশ্বে অ্যাভিয়েশন সেক্টরের নিরাপত্তা নিয়ে নতুন করে পর্যালোচনা শুরু হয়। এরই পরিপ্রেক্ষিতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তার বিষয়টি বিশ্লেষণ করে যুক্তরাজ্য কিছু সুপারিশ করে, যার অধিকাংশই বাস্তবায়ন করা হয়। এ ব্যাপারে যুক্তরাজ্যের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়েছিল। পরবর্তী সময়ে যুক্তরাজ্য এ বিষয়ে অধিকতর পর্যালোচনা করে আরও কিছু পর্যবেক্ষণ দিয়ে তা ৩১ মার্চের মধ্যে বাস্তবায়নের অনুরোধ করে। এগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত দেশটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি কার্গো পণ্য পরিবহনে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপ করে।
মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো ব্যাখ্যায় আরও বলা হয়, যুক্তরাজ্যের সুপারিশের মূল বিষয় বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থাকে টেকসই আন্তর্জাতিক মানদণ্ডে উন্নীত করতে আন্তর্জাতিক সিকিউরিটি কোম্পানিকে পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া। এ চুক্তির মধ্য দিয়ে সেটিই করা হয়েছে। এ ক্ষেত্রে কোনোভাবেই বিমানবন্দরের ব্যবস্থাপনা ও নিরাপত্তাব্যবস্থা বিদেশি কোম্পানির কাছে তুলে দেওয়া হয়নি। সংবাদে এসব বিষয়ে যে ধারণা দেওয়া হয়েছে, তাও সঠিক নয়।