অতিরিক্ত যাত্রী বুকিং দিয়ে সেবা দিতে না পারায় রিজেন্ট এয়ারওয়েজকে তিন লাখ টাকা জরিমানা করেছেন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভ্রাম্যমাণ আদালত।
গতকাল সোমবার এ জরিমানা করা হয়। এর আগের দিন রোববার রিজেন্ট এয়ারওয়েজের ঢাকা-মাস্কাট ফ্লাইটে টিকিট ওভারবুকিংয়ের কারণে ছয়জন যাত্রীকে গন্তব্যে পাঠাতে পারেনি বিমান সংস্থাটি। আসন খালি নেই জানিয়ে ওই ছয়জনকে দুই দিন পরে আসতে বলে। ওই দিন মধ্যরাতে এসব যাত্রীর কথা তুলে ধরে ফেসবুকে ‘ম্যাজিস্ট্রেটস অল এয়ারপোর্টস অব বাংলাদেশ পেইজ’-এ লেখেন এক ব্যক্তি। এটা দেখে ফেসবুকে তাৎক্ষণিক ওই ব্যক্তির কাছে কোনো একজন যাত্রীর ফোন নম্বর চান পেইজটির অ্যাডমিন ও বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ। এরপর তিনি আমির হোসেন নামের একজন যাত্রীর ফোন নম্বর পান। ওই যাত্রী ও রিজেন্ট এয়ারের স্টেশন ম্যানেজারের সঙ্গে ফোনে কথা বলে ঘটনার সত্যতা জানতে পেরে দুই পক্ষকে গতকাল বেলা ১১টায় বিমানবন্দরে ম্যাজিস্ট্রেটের কার্যালয়ে ডাকা হয়।
পরে ভুক্তভোগী যাত্রী আমির হোসেন, নিরঞ্জন ঋষি, মাসুম বিল্লাল, রাশেদ মিয়া, ইনসান আলী ও মোহাম্মদ আলীর পৃথক অভিযোগের পরিপ্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত বসানো হয়। ভোক্তা অধিকার আইনে প্রত্যেক অভিযোগের বিপরীতে ৫০ হাজার টাকা করে মোট তিন লাখ টাকা জরিমানা করা হয় রিজেন্টকে। আদায় করা জরিমানার ২৫ শতাংশ পাবেন অভিযোগকারী যাত্রীরা, বাকি টাকা সরকারি কোষাগারে যাবে। তাৎক্ষণিকভাবে জরিমানা আদায় করা হয়। যাত্রী নিরঞ্জন ও আমির হোসেন প্রথম আলোকে বলেন, বিমানবন্দরের নির্বাহী ম্যাজিস্ট্রেটের এই উদ্যোগে তাঁরা খুবই খুশি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ ইউসুফ প্রথম আলোকে বলেন, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে রিজেন্ট এয়ার আন্তরিকভাবে সহায়তা করেছে এবং আইন মেনে সর্বোচ্চ সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে। পাশাপাশি তারা বাড়তি কোনো টাকা ছাড়াই ওই ছয়জন যাত্রীকে আজ মঙ্গলবার সন্ধ্যায় সাশ্রয়ী আসনের (ইকোনমি) পরিবর্তে অভিজাত আসনে (বিজনেস ক্লাস) পাঠানোর ব্যবস্থা করেছে।
রিজেন্ট এয়ারওয়েজের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) কে এম জাফর উজ জামান প্রথম আলোকে বলেন, সব বিমান সংস্থা ওভারবুকিং করে থাকে। কেননা, অনেক যাত্রী যাত্রার তারিখ পাল্টান বা যাত্রা বাতিল করেন। এ কারণে বাড়তি বুকিং নেওয়া হয়। তবে রিজেন্ট এয়ার সাধারণত ওভারবুকিং করে না। ট্রাভেল এজেন্সির অনুরোধে ওই ফ্লাইটে ছয়জনের ওভারবুকিং হয়েছিল। কিন্তু ওই ফ্লাইটের কেউ যাত্রা বাতিল না করায় ওই ছয়জনকে নেওয়া সম্ভব হয়নি। তাঁদের আজ নেওয়া হবে।
প্রসঙ্গত, হজরত শাহজালাল বিমানবন্দরে যাত্রীসেবা দিতে ব্যর্থ হওয়ায় এর আগে বিভিন্ন দেশি-বিদেশি বিমান সংস্থাকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।