বিমানকর্মী কামরুনের জামিন নাকচ, বান্ধবী সালমা ধরা পড়েননি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ গ্রেপ্তার হওয়া বাংলাদেশ বিমানের ফ্লাইট সার্ভিস শাখার কর্মী (কেবিন ক্রু) কামরুন নাহারের জামিনের আবেদন গতকাল সোমবার নাকচ করেছেন আদালত।অন্যদিকে কামরুন নাহারের জবানবন্দি অনুযায়ী, তাঁকে মুদ্রা পাচারের এই অবৈধ কারবারে জড়িয়েছেন যে সালমা রহমান, তাঁকে এখনো গ্রেপ্তার করা যায়নি। সালমাও বিমানের কেবিন ক্রু। কামরুন নাহারকে দিয়ে ওই মুদ্রাগুলো দুবাই পাচার করানোর অভিযোগে এরই মধ্যে সালমার স্বামী আশিকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।বিমানবন্দর থানার পুলিশ সূত্র জানায়, সালমা রহমান বিদেশে থাকায় তাঁকে এখনো গ্রেপ্তার করা যায়নি।মুদ্রা পাচার মামলায় কামরুন নাহার ও আশিকুর রহমানের জামিন আবেদনের ওপর গতকাল ঢাকা মহানগর হাকিমের আদালতে শুনানি হয়। শুনানি শেষে মহানগর হাকিম কামরুন নাহারসহ উভয় আসামির আবেদন নাকচ করে দেন।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গত ২৯ সেপ্টেম্বর কামরুন নাহারকে আড়াই কোটি টাকার বিদেশি মুদ্রাসহ বিমানবন্দরে গ্রেপ্তার করা হয়। তিনি বিমানের দুবাইগামী ফ্লাইটে দায়িত্ব পালনের জন্য ওঠার সময় শুল্ক বিভাগের তল্লাশিতে ধরা পড়েন।এ ঘটনায় বিমানবন্দর থানায় শুল্ক বিভাগের দায়ের করা মামলায় কামরুন নাহারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ৪ অক্টোবর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, কামরুন নাহার জবানবন্দিতে মুদ্রা পাচারের কথা স্বীকার করেন।সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতে দেওয়া জবানবন্দিতে কামরুন নাহার দাবি করেন, তিনি পরিস্থিতির শিকার। তাঁকে মুদ্রা পাচারে প্রলুব্ধ করেছেন তাঁর বান্ধবী ও সহকর্মী সালমা রহমান। আর সালমার মাধ্যমে পরিচয় হয় ব্যবসায়ী মামুন ও তাঁর কর্মচারী সুশান্তের সঙ্গে।কামরুন নাহারের দাবি, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় মোহাম্মদপুরের জাপান-গার্ডেন সিটিতে তাঁর ফ্ল্যাটে গিয়ে আড়াই কোটি টাকার বৈদেশিক মুদ্রার চালানটি দিয়ে আসেন সুশান্ত। সুশান্তই তাঁকে জানান, কালো কাপড় দিয়ে বাঁধার পর মুদ্রার অস্তিত্ব ধরা পড়বে না। পরের দিন নির্দিষ্ট সময়ের কিছু আগে (ভোরে) বিমানবন্দরে পৌঁছেন কামরুন নাহার। স্ক্যানিং মেশিন অপারেটর মশিউর ব্যাগে মুদ্রাজাতীয় কিছু রয়েছে কি না, জানতে চাইলে তিনি কিছুটা নার্ভাস হয়ে পড়েন। এতে সন্দেহ হওয়ায় শুল্ক কর্মকর্তারা তাঁর দেহ তল্লাশি করে বৈদেশিক মুদ্রা উদ্ধার করেন।কামরুন নাহার আদালতে দাবি করেন, মুদ্রাগুলো দুবাই পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব ছিল তাঁর। মুদ্রা পাচারে জড়িত হয়ে প্রথমবারই ধরা পড়েছেন তিনি।