বিমানকে লাভজনক করার আহ্বান শেখ হাসিনার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, ‘বিমান শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও। মনে রাখবেন, বিমান যাতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়, সেজন্য যথাযথভাবে সেবা দিয়ে যাবেন, কাজ করবেন, সেটাই আমরা চাই।’
শেখ হাসিনা বিমানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে বলেন, ‘বন্ধ হয়ে গেলে কী হবে, তা আপনারা ভালো করেই জানেন। সকলকেই চাকরি হারাতে হবে।’ তিনি বলেছেন, লোকসানের বোঝা মাথায় নিয়ে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না।
আজ বৃহস্পতিবার সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে বাংলাদেশ বিমানের উড়োজাহাজ বহরে সংযোজিত চতুর্থ ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’-এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শেখ হাসিনা এসব কথা বলেন।
একই অনুষ্ঠানে ইজিপ্ট এয়ারের কাছ থেকে ভাড়া করা একটি বোয়িং ৭৭৭-২০০ ইআর উড়োজাহাজ বাংলাদেশ বিমান বাহিনীকে অর্পণ করা হয়।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, একই মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ, মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ডানিলোউইজ ও বাংলাদেশ বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন স্টিল অনুষ্ঠানে বক্তব্য দেন ।
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ বিমানের সার্বিক উন্নয়ন শুধু পরিকাঠামো উন্নয়ন বা নতুন বিমান আনয়নের মাধ্যমে সম্ভব নয়, এই ক্ষেত্রে প্রথম প্রয়োজন এখানে যাঁরা কাজ করেন, তাঁদের কাজের দক্ষতা ও আন্তরিকতা।’ এ প্রসঙ্গে তিনি বলেন, বিমানের সেবার মান বাড়াতে ও নিরাপত্তার বিষয়টি আরও শক্তিশালী করতে গোয়েন্দা সংস্থার কার্যক্রম জোরদার এবং বিমান পুলিশের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিমান এবং বিমানবন্দরকে যেন আর বদনামের মধ্যে পড়তে না হয়।
প্রধানমন্ত্রী বিমানবন্দরে চোরাচালানকৃত সোনা বাজেয়াপ্ত প্রসঙ্গে বলেন, ‘চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলেই স্বর্ণ আটকানোর ঘটনা বেড়ে গেছে তা নয়, বরং বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে বলেই চোরাচালান আটকে দেয়া সম্ভব হচ্ছে। এভাবেই বিমানের পূর্বের দুর্নাম আমরা ঘুচাতে চাই।’
শেখ হাসিনা বাংলাদেশ বিমানকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করতে পৃথক কার্গো সিস্টেমের প্রবর্তনের ওপর জোর দেন।
প্রধানমন্ত্রী বলেন, চুক্তি অনুযায়ী বোয়িং কোম্পানি এ পর্যন্ত ৪টি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ বিমানের কাছে হস্তান্তর করেছে। অবশিষ্ট ২টি ৭৩৭-৮০০ উড়োজাহাজ ২০১৫ সালের নভেম্বর ও ডিসেম্বর মাসে হস্তান্তর করবে। ইতিমধ্যে উড়োজাহাজ দুটির জন্য প্রি-ডেলিভারি পেমেন্ট বাবদ অর্থ পরিশোধ করা হয়েছে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী ৪টি ৭৮৭-৮ উড়োজাহাজ আগামী ২০১৯ ও ২০২০ সালে হস্তান্তরের কথা রয়েছে। এই উড়োজাহাজগুলোর ডেলিভারি ২০১৫-১৬ সালে এগিয়ে আনার অনুরোধ জানানো হয়েছিল। বিমানের অনুরোধের পরিপ্রেক্ষিতে বোয়িং কোম্পানির দেওয়া প্রস্তাব আমরা পরীক্ষা করছি।
শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মের ৪টি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ সংযোজনের ফলে বিমান বহরের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। সবগুলো উড়োজাহাজ সংগ্রহ সম্পন্ন হলে বাংলাদেশ বিমান বহরের উত্কর্ষ আরও বৃদ্ধি পাবে এবং বিমানের ভাবমূর্তি ও সেবার মান উন্নত হবে।
শেখ হাসিনা বলেন, এ ছাড়া দেশের অভ্যন্তরীণ সার্ভিস পরিচালনার জন্য বাংলাদেশ বিমান দুটি টারবো-প্রপ উড়োজাহাজ লিজ নেওয়ার কাজ শুরু করেছে। আশা করা যাচ্ছে, খুব শিগগির টারবো-প্রপ উড়োজাহাজ বিমান বহরে যোগ হবে।
প্রধানমন্ত্রী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী সুবিধা বৃদ্ধি করার কথা উল্লেখ করে বলেন, ৭৬৫ কোটি টাকা ব্যয়ে বিমানবন্দরের রানওয়ের উন্নয়ন, পার্কিং ফ্যাসিলিটি বৃদ্ধি এবং আপগ্রেডেশন বাস্তবায়ন কাজ করা হচ্ছে। এ ছাড়া দুই হাজার কোটি টাকা ব্যয়ে ৩২টি বোর্ডিং ব্রিজসহ তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণেরও উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আশা করেন, নতুন উড়োজাহাজ বিমানকে নতুন করে অনুপ্রেরণা দেবে এবং সেবার মান প্রসারিত করবে।
শেখ হাসিনা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জের সামনে রাখা ৭৭৭-৩০০ উড়োজাহাজটি (রাঙা প্রভাত) পরিদর্শন করেছেন।