বিমানকে লাভজনক করার তাগিদ দিলেন প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান বাংলাদেশ এয়ারলাইনসকে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করার জন্য তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, লোকসানের বোঝা মাথায় নিয়ে কোনো প্রতিষ্ঠান টিকে থাকতে পারে না।
গতকাল বৃহস্পতিবার সকালে বাংলাদেশ বিমানের বহরে সংযোজিত চতুর্থ বোয়িং ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ ‘রাঙা প্রভাত’-এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ তাগিদ দেন। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ভিভিআইপি লাউঞ্জে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিমানের কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, ‘বিমান শুধু সেবাদানকারী প্রতিষ্ঠান নয়, এটি একটি বাণিজ্যিক প্রতিষ্ঠানও। মনে রাখবেন, বিমান যাতে লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হয়, সে জন্য যথাযথভাবে সেবা দিয়ে যাবেন, কাজ করবেন।’
২০০৮ সালে মার্কিন কোম্পানি বোয়িংয়ের সঙ্গে ১০টি নতুন প্রজন্মের উড়োজাহাজ কেনার চুক্তি করে বিমান। এর মধ্যে দুটি বোয়িং ৭৭৭-৩০০ ইআর গত বছর বিমানবহরে যুক্ত হয়। চলতি বছর আরও দুটি আসে। সর্বশেষ চতুর্থ উড়োজাহাজটি গত রোববার ঢাকায় আসে। আগামী বছরের শেষের দিকে বিমানের বহরে যুক্ত হবে দুটি বোয়িং ৭৩৭-৮০০। এ ছাড়া চারটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার ২০১৭ থেকে ২০১৯ সালের মধ্যে বিমানবহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। এ ছাড়া অভ্যন্তরীণ গন্তব্যের জন্য বাংলাদেশ বিমান দুটি টারবো-প্রপ উড়োজাহাজ ভাড়া করার প্রক্রিয়া চলছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, নতুন প্রজন্মের চারটি ৭৭৭-৩০০ ইআর উড়োজাহাজ সংযোজনের ফলে বিমানবহরের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তিনি বলেন, শুধু পরিকাঠামো উন্নয়ন বা নতুন উড়োজাহাজ এনে বিমানের সার্বিক উন্নয়ন সম্ভব নয়, এ জন্য বিমানকর্মীদের দক্ষতা ও আন্তরিকতা দরকার।
প্রধানমন্ত্রী জানান, ৭৬৫ কোটি টাকা ব্যয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ের উন্নয়ন ও পার্কিং সুবিধা বৃদ্ধিসহ ‘আপগ্রেডেশন’ কাজ চলছে। এ ছাড়া দুই হাজার কোটি টাকা ব্যয়ে ৩২টি বোর্ডিং ব্রিজসহ তৃতীয় টার্মিনাল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বিমানবন্দরে একের পর এক স্বর্ণের চালান ধরা পড়া প্রসঙ্গে বলেন, চোরাচালান বৃদ্ধি পেয়েছে বলেই স্বর্ণ আটকানোর ঘটনা বেড়ে গেছে তা নয়, বরং বিমানবন্দরের নিরাপত্তাব্যবস্থা আধুনিক ও যুগোপযোগী করা হয়েছে বলেই চোরাচালান আটকে দেওয়া সম্ভব হচ্ছে।
অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, একই মন্ত্রণালয়ের সচিব খুরশিদ আলম চৌধুরী, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব.) জামাল উদ্দিন আহমেদ, ঢাকায় মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স জন ড্যানিলুইৎজ ও বিমানের ব্যবস্থাপনা পরিচালক কেভিন জন স্টিল। অনুষ্ঠানে রাঙা প্রভাতের অভিষেক উপলক্ষে কেক কাটা হয়। উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী নতুন উড়োজাহাজটি ঘুরে দেখেন।