
আজ সোমবার থেকে আবার অভ্যন্তরীণ সব গন্তব্যে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। এ জন্য ভাড়ায় আনা দুটি উড়োজাহাজ প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল রোববার উদ্বোধন করেছেন। এ সময় তিনি সময়সূচি ধরে ফ্লাইট পরিচালনা করতে বিমানের কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিমান নির্দিষ্ট সময়ে পৌঁছাবে, নির্দিষ্ট সময়ে আসবে; তা নিশ্চিত করতে পারলে সুনাম বৃদ্ধি পাবে।’
বিমানবহরে সংযোজিত মিসর থেকে আনা দুটি টার্বোপ্রপ (ড্যাশ-৮) উড়োজাহাজ উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করা হয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে। উড়োজাহাজ দুটির নাম দেওয়া হয়েছে মেঘদূত ও ময়ূরপঙ্খী। এতে বিমানের বহরে এখন উড়োজাহাজের সংখ্যা দাঁড়াল ১২টিতে।
প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে যাত্রী পরিবহনের পাশাপাশি বিমানের কার্গো ব্যবস্থা চালু, যাত্রীসেবা নিশ্চিত ও দক্ষতা বাড়াতেও তাগিদ দেন। তিনি বলেন, গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের মান উন্নত করা দরকার। এ ক্ষেত্রে নিজেরা দক্ষতা অর্জন করতে না পারলে অংশীদার খোঁজা দরকার। বিমানকে আন্তর্জাতিক মানের করতে হলে সে ধরনের ব্যবস্থা নিতে হবে।
প্রধানমন্ত্রী ভুটানের সঙ্গে উত্তরবঙ্গে ব্যবসার প্রসারে সৈয়দপুর বিমানবন্দর এবং পর্যটন ব্যবসার প্রসারে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করার গুরুত্ব তুলে ধরেন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ও দ্বিতীয় রানওয়ে নির্মাণের পরিকল্পনা বাস্তবায়নে কাজ শুরু হচ্ছে বলেও জানান তিনি।
অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন, বিমান সচিব খুরশীদ আলম চৌধুরী, বিমানের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান জামালউদ্দিন আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক কাইল হেয়্যুড বক্তব্য দেনন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেক কাটার পর নতুন উড়োজাহাজ দুটি পরিদর্শন করেন।
প্রায় আড়াই বছর পর বাংলাদেশ বিমান আবার অভ্যন্তরীণ ফ্লাইট চালু করছে। এতে ঢাকা থেকে অভ্যন্তরীণ সাতটি গন্তব্য চট্টগ্রাম, সিলেট, রাজশাহী, সৈয়দপুর, কক্সবাজার, যশোর ও বরিশালে নিয়মিত ফ্লাইট পরিচালনা করবে বিমান। উড়োজাহাজের অভাবে বিমানের অভ্যন্তরীণ রুটগুলো বন্ধ ছিল। সর্বশেষ ২০১১ সালে ঢাকা-কক্সবাজার ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়।