বিমানটির হদিস মিলল না বাংলাদেশের সাগরেও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মালয়েশিয়ার নিখোঁজ বিমান উদ্ধার অভিযানে গিয়ে এর কোনো হদিস পায়নি বাংলাদেশ নৌবাহিনী। আগামীকাল বৃহস্পতিবার অনুসন্ধানের মিশন শেষ করার ঘোষণা দিয়েছে তারা। আজ বুধবার নৌবাহিনী সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
নৌবাহিনী বলছে, ১৪ মার্চ থেকে তারা বঙ্গোপসাগরের ৮৭ হাজার বর্গকিলোমিটার এলাকায় অনুসন্ধান চালায়। মালয়েশিয়া সরকারের অনুরোধে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌবাহিনীকে অভিযান পরিচালনার নির্দেশ দেন। এ কাজে এখনো সার্বক্ষণিকভাবে যুক্ত আছে নৌবাহিনীর দুটি ফ্রিগেট এবং দুটি মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট। নৌবাহিনীর সংবাদ সম্মেলনে জানানো হয়, ২৬টি দেশ এই অনুসন্ধানে অংশ নিচ্ছে। এর মধ্যে ১১টি গুরুত্বপূর্ণ দেশের একটি বাংলাদেশ। বাংলাদেশ নৌবাহিনীর সঙ্গে অনুসন্ধান অভিযানের বিষয়ে সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে মালয়েশিয়া সরকারের।
সংবাদ সম্মেলনে অভিযানের বিভিন্ন দিক তুলে ধরেন নৌবাহিনীর নেভাল অপারেশনস বিভাগের পরিচালক কমোডর এম এম হাকিম, নৌ গোয়েন্দা বিভাগের প্রধান কমোডর রাশেদ আলী ও সহকারী নৌবাহিনীর প্রধান রিয়ার এডমিরাল এ এম এম এম আওরঙ্গজেব চৌধুরী।
সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রথমে ধারণা করা হয়েছিল মালয়েশিয়া থেকে ওড়ার পর উত্তর-পশ্চিম বা উত্তর-দক্ষিণ দিকে বিমান যেতে পারে। এসব এলাকায় প্রাথমিকভাবে অনুসন্ধান চালায় মালয়েশিয়া ও অন্যান্য দেশ। পরে তারা মনে করে, বিমানটি বঙ্গোপসাগরের দিকেও চলে আসতে পারে। এ কারণে মালয়েশীয় সরকারের পক্ষ থেকে বিমানটি অনুসন্ধানের অনুরোধ জানানো হয়।
মালয়েশিয়া থেকে চারদিকে চার হাজার ৪৮ বর্গকিলোমিটার এলাকাজুড়ে একটি আনুমানিক বৃত্ত তৈরি করেছে। এ এলাকার মধ্যেই চলছে নিবিড় অনুসন্ধান।