বিমানবন্দর কর্মচারীর সহযোগিতার প্রমাণ পেল কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনার বার পাচারে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের এক কর্মচারীর সহযোগিতার প্রমাণ পেয়েছে এ-সংক্রান্ত তদন্ত কমিটি। গতকাল বৃহস্পতিবার তদন্ত কমিটির প্রতিবেদনটি জমা দেওয়া হয়।
অভিযুক্ত এ কর্মচারীর নাম মোমেন মোকশেদ। তিনি বিমানবন্দর ব্যবস্থাপকের ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তবে অভিযোগ ওঠার পর গত রোববার তাঁকে নিজ দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়।
জানতে চাইলে বিমানবন্দর ব্যবস্থাপক উইং কমান্ডার নূর ই আলম প্রথম আলোকে বলেন, ‘তদন্ত প্রতিবেদনটি আজ (গতকাল বৃহস্পতিবার) বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কাছে জমা দেওয়া হয়েছে।’ তবে তদন্ত প্রতিবেদনের বিষয়ে তিনি কোনো মতামত দেননি।
বিমানবন্দর সূত্র জানায়, ২ নভেম্বর দুপুরে এক যাত্রীর ব্যাগ তল্লাশি করে ২৫টি সোনার বার জব্দ করেন বিমানবন্দরে নিয়োজিত কাস্টম হাউসের কর্মকর্তারা। সোনার বার জব্দ করার আগে তা ছাড়িয়ে নিতে মোমেন মোকশেদ এক ব্যক্তিকে (ফরহাদ হোসেন) নিয়ে বিমানবন্দরের ভেতরে প্রবেশ করেন।
এ সময় বিমানের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ শাখায় দায়িত্বরত কর্মচারীকে ওই ব্যাগটি ফরহাদকে বুঝিয়ে দিতে তদবির করেন মোমেন। তবে সোনার বার ধরা পড়ার পর তিনি সটকে পড়েন। ফরহাদ হোসেনের মুঠোফোন জব্দ করে সেখানে মোমেন মোকশেদের মুঠোফোনে কল আদান-প্রদানের তথ্য পায় শুল্ক কর্মকর্তারা। তবে ফরহাদ হোসেনকে ছেড়ে দেওয়া হয়। বিমানবন্দর সূত্র জানায়, বিষয়টি ফাঁস হয়ে গেলে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ থেকে স্টেশন এয়ার ট্রাফিক অফিসার আবদুল্লাহ আল ফারুককে প্রধান করে দুই সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রাথমিক অভিযোগ জানার পর তাৎক্ষণিকভাবে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয় মোমেনকে। বিমানবন্দর সূত্র জানায়, তদন্ত কমিটির সদস্যরা বিমানবন্দরের সিসি টিভির ফুটেজ, বিমানবন্দরে নিয়োজিত বেবিচকের কর্মচারী, শুল্ক কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের সাক্ষ্য নেন। এতে মোমেনের ওই দিন সোনার বার পাচারে সহযোগিতার প্রমাণ পান কমিটির সদস্যরা।