বিমানবন্দর থেকে গাঁজা উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে বিমানবন্দরের লস্ট অ্যান্ড ফাউন্ড শাখা থেকে এসব গাঁজা উদ্ধার করেন শুল্ক গোয়েন্দারা। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী পরিচালক (এডি) তারেক মাহমুদ বলেন, বিমানবন্দরের কাস্টমস হলের পাশে লস্ট অ্যান্ড ফাউন্ড শাখায় পরিত্যক্ত অবস্থায় কালো রঙের একটি ট্রলি ব্যাগের ভেতর পলিথিনের তিনটি প্যাকেটে গাঁজা রাখা ছিল। প্যাকেট তিনটি স্কচটেপে জড়ানো ছিল। ১৩ এপ্রিল লন্ডন থেকে আসা বিমানের বিজি ০১৬ নম্বর ফ্লাইটে করে ট্রলি ব্যাগটি ঢাকায় এসেছিল। এরপর পরিত্যক্ত অবস্থায় লস্ট অ্যান্ড ফাউন্ডে এটি পড়ে ছিল। গাঁজাভর্তি ট্রলির ওপর বাংলাদেশ বিমানের একটি ট্যাগ লাগানো ছিল। তবে ট্যাগের ওপর ওই ফ্লাইটের কোনো যাত্রীর নাম কিংবা আসন নম্বর লেখা ছিল না। প্রতিটি পলিথিনের প্যাকেটে প্রায় দেড় কেজি করে গাঁজা পাওয়া যায়। সব মিলিয়ে এর ওজন সাড়ে চার কেজি। এডি তারেক মাহমুদ বলেন, বিমানবন্দর দিয়ে বিভিন্ন সময় বিদেশগামী যাত্রীদের কাছ থেকে গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। কিন্তু বাইরের কোনো দেশ থেকে আসা এবারই প্রথম গাঁজাভর্তি ব্যাগ উদ্ধারের ঘটনা ঘটল। এ ঘটনার তদন্তে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ছাড়া বিমানের ওই ফ্লাইটের যাত্রীদের নামের তালিকা যাচাই করে গাঁজা পাচারে কেউ জড়িত আছেন কি না, তা বের করার চেষ্টা করা হবে।