বিমানবন্দর থেকে মাদকসহ নাইজেরীয় গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহজালাল বিমানবন্দর থেকে প্রায় ৬ কেজি হেরোইনসহ গতকাল শুক্রবার সন্ধ্যায় এক নাইজেরীয় নাগরিক গ্রেপ্তার হয়েছেন। এসময় তার সঙ্গে থাকা আরেক স্বদেশী কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন। গ্রেপ্তার হওয়া নাইজেরীয়র নাম ওলাদিপিউপো জেকহিয়াস (৩৬)। তার কাছে পালিয়ে যাওয়া সঙ্গী রাতমি আজেজের (৩৫) পাসপোর্ট পাওয়া গিয়েছে। ওলাদিপিউপোও পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে ধরে ফেলে। বিশেষজ্ঞরা গতকাল রাত পর্যন্ত উদ্ধার করা মাদককে হেরোইন হিসেবে নিশ্চিত করেননি। তবে অভিজ্ঞতা থেকে কাস্টমস কর্মকর্তা বলছেন সেগুলো নিশ্চিতভাবেই হেরোইন।কাস্টমস সূত্র জানায়, গতকাল রাতের একটি ফ্লাইটে ওই দুই নাইজেরীয়র মালয়েশিয়া যাওয়ার কথা ছিল। সন্ধ্যায় তারা বিমানবন্দরে প্রবেশ করে। স্ক্যানিং মেশিনে তাদের সঙ্গে থাকা দুটি বড় ট্রলি ব্যাগের ভেতরে আরও দুটি ছোট ট্রলি ব্যাগ পাওয়া যায়। আবারও স্ক্যান করা হলে ব্যাগের ভেতরের বস্তু দেখে মেশিন অপারেটরের সন্দেহ হয়। এ সময় বিপদ আঁঁচ করে আজেজ পালিয়ে যান। ওলাদিপিউপোও দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। রীতিমত ধস্তাধস্তির পর ফটকের কাছে তাকে আটক করে এপিবিএন সদস্যরা।এপিবিএন এর সহকারী পুলিশ সুপার রাশিদুল হক প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারকৃত ওলাদিপিউপোকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। গত সাত বছরে সে বহুবার বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে, সে কোনও সংঘবদ্ধ চক্রের সদস্য। তার কাছ থেকে পাঁচকেজি ৯৯৫ গ্রাম পাউডার পাওয়া গেছে।