বিমানবন্দর থেকে সাড়ে তিন হাজার মোবাইল সেট উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গতকাল বুধবার রাতে আমদানি-নিষিদ্ধ সাড়ে তিন হাজার মোবাইল সেট ও ট্যাবলেট কম্পিউটার (ট্যাব) আটক করেছে বিমানবন্দরের শুল্ক গোয়েন্দা বিভাগ। আটক হওয়া মোবাইল সেটগুলোর আনুমানিক দাম আড়াই কোটি টাকা।

শুল্ক গোয়েন্দা বিভাগের উপপরিচালক মুস্তাফিজুর রহমান প্রথম আলো ডটকমকে জানান, বিমানবন্দরের এয়ারফ্রেড কার্গো ইউনিট থেকে এগুলো উদ্ধার করা হয়েছে। হংকং এয়ারওয়েজে বুকিংয়ের মাধ্যমে ২০ দিন আগে এগুলো আনা হয়। এগুলো আমদানি-নিষিদ্ধ মোবাইল সেট। এদের গায়ে স্যামসাংয়ের লোগো থাকলেও এগুলো নকল।

মুস্তাফিজুর রহমান আরও জানান, বুকিংয়ের বিলগুলো তাঁরা হাতে পেয়েছেন। কে বা কারা সেটগুলো আনিয়েছেন, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, গতকাল রাতে এগুলো উদ্ধার হলেও আজ গণনা শেষ হয়েছে। তাই আজ গণমাধ্যমকে জানানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।