বিমানবন্দর থেকে ১৪০ কেজি রাসায়নিক উদ্ধার
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সংরক্ষিত রাডার ভবন এলাকা থেকে ওষুধ তৈরির ১৪০ কেজি রাসায়নিক দ্রব্য পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ। গতকাল শনিবার সকালে এসব রাসায়নিক দ্রব্য উদ্ধার করা হয়।বিমানবন্দর সূত্রে জানা যায়, এয়ারপোর্ট আর্মড পুলিশ সকাল সাড়ে নয়টার দিকে রাডার স্টেশন অফিসের ২০ গজ পেছনের জঙ্গল থেকে ছয়টি নীল রঙের ড্রাম পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে। তিন ধরনের রাসায়নিক দ্রব্যভর্তি এই ড্রামগুলো ভারত থেকে জেট এয়ারওয়েজে করে দুটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানের নামে আমদানি করা হয়েছে বলে জানা যায়। আমদানি করা ড্রামগুলো আমদানি কার্গো ভিলেজে থাকার কথা থাকলেও তা রপ্তানি কার্গোর উত্তর পাশে বিশেষভাবে সংরক্ষিত রাডার স্টেশন এলাকায় কীভাবে গেল, তা কেউ বলতে পারছেন না। জানা যায়, সিভিল এভিয়েশনের নিরাপত্তা শাখার একটি চক্র দীর্ঘদিন ধরে শুল্ক ফাঁকি দিয়ে এভাবে পণ্য পাচার করে আসছে।